কার্বন নির্গমন কমিয়ে বৈশ্বিক উষ্ণতা হ্রাসে বাংলাদেশ ও জাপান একযোগে কাজ করার লক্ষ্যে গতকাল দুই দেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক অংশীদারিত্ব দলিল স্বাক্ষরিত হয়েছে। ‘স্বল্প কার্বন প্রবৃদ্ধি অংশীদারিত্ব’ শীর্ষক এই চুক্তিতে বাংলাদেশের পক্ষে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মো. শফিকুর রহমান পাটোয়ারী এবং জাপানের পক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা স্বাক্ষর করেন। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রী বলেন, এ চুক্তির আওতায় দুই দেশের মধ্যে ‘বাইলেটারেল অফসেট ক্রেডিট মেকানিজম’ পরিচালনার জন্য একটি জয়েন্ট কমিটি গঠন করা হবে। দুই দেশের প্রতিনিধিরা এই যৌথ কমিটিতে থাকবে।
কমিটি সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল নির্ধারণ করবে। বিশেষ করে কার্বন নির্গমন হ্রাসে প্রশমন প্রকল্প গ্রহণের জন্য দ্বিপাক্ষিক ক্রেডিট মেকানিজম ব্যবহারের প্রয়োজনীয় নীতি ও গাইডলাইন প্রণয়ন করবে। ‘বাইলেটারেল অফসেট ক্রেডিট মেকানিজম’-এর আওতায় বাংলাদেশ জাপানের পরিবেশবান্ধব প্রযুক্তি, পণ্য ও সেবা ব্যবহার করে গ্রিন হাউজ গ্যাস নির্গমনে সমর্থ হবে। এ জন্য আর্থিক, কারিগরি ও দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। জাপানের রাষ্ট্রদূত বলেন, জাপান আশা করছে, ‘বাইলেটারেল অফসেট ক্রেডিট মেকানিজম’ বাস্তবায়নের মাধ্যমে সোনার বাংলার অপরূপ প্রকৃতি রক্ষায় আরও নিবিড়ভাবে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করবে।
বৈশ্বিক উষ্ণতা হ্রাসে বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগে আন্তর্জাতিক পরিমন্ডলে অবদান রাখবে। বাংলাদেশ তৃতীয় দেশ যার সাথে জাপান এ জাতীয় চুক্তি স্বাক্ষর করেছে।
জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের (ইউএনএফসিসিসি) আর্টিকেল ২ অনুসারে ২০১২ সাল পরবর্তী সময়ে জাপান জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই জাপান কার্বন নির্গমন হ্রাসে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। কারণ জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ। এদেশের মানুষ জলবায়ু পরিবর্তনের অসহায় শিকার।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক গোলাম রব্বানী, পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অপরূপ চৌধুরী, বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান প্রশান্ত ভূষণ বড়ুয়া ও প্রধান বন সংরক্ষক মো. ইউনুছ আলী।
