তিনদিনের সফরে ২৬ মার্চ ঢাকায় আসছেন মার্কিন সহায়তা সংস্থা ইউএসএআইডি’র প্রশাসন বিভাগের মহাপরিচালক ডোনাল্ড স্টেইনবার্গ। তিনি ২৭ ও ২৮ মার্চ পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা অণু বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, ইউএসএআইডি’র চলমান বেশকিছু প্রকল্প সম্পর্কে খোঁজ-খবর নিতে সংস্থার দ্বিতীয় সর্বোচ্চ এ ব্যক্তি বাংলাদেশে আসছেন। সূত্র জানায়, ইতিমধ্যে সংস্থার বাংলাদেশ কার্যালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে দীপু মনির সঙ্গে বৈঠকের সময় চাওয়া হয়েছে। এছাড়া পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সঙ্গেও স্টেইনবার্গের বৈঠক করার কথা রয়েছে বলে জানা গেছে। সফর শেষে ২৮ মার্চ তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।
