এটিএম আজহারের বিরুদ্ধে অভিযোগ দাখিলের নির্দেশ ৮ মে

আপডেট : ১৯ মার্চ ২০১৩, ২১:২৬
আগামী ৮ মে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ বা তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। ঐদিন এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের এ আদেশ দেয়। গতকাল সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউটর নূরজাহান বেগম মুক্তা ট্রাইব্যুনালে এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময় তিনি বলেন, তদন্তের জন্য আরো কমপক্ষে তিন মাস সময় প্রয়োজন। এর মধ্যে কিছু অভিযোগের তদন্ত শেষ হয়েছে। আবার নতুন কিছু অভিযোগের তদন্ত চলছে। এ জন্য তিনি সময় বাড়ানোর আবেদন জানান। ট্রাইব্যুনাল সময় বাড়িয়ে আগামী ৮ মের মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ বা তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন। প্রসিকিউশনের এক আবেদনের প্রেক্ষিতে গত ১১ ফেব্রুয়ারি আজহারকে সেভ হোম নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার বিরুদ্ধে ১৯৭১ সালে হত্যা, গণহত্যা, নির্যাতন, মানবতাবিরোধী অপরাধে নেতৃত্বদান এবং সহায়তার অভিযোগ আনা হয় প্রসিকিউশনের পক্ষ থেকে।