দীর্ঘমেয়াদি জীবাণু নাশক সেবন ক্ষতিকর

আপডেট : ১৯ মার্চ ২০১৩, ২১:২৭
এন্টিবায়োটিকস বা জীবাণুনাশক সেবন নিয়ে নানা বিতর্ক রয়েছে। বিশেষজ্ঞগণ গবেষণায় দেখেছেন দীর্ঘমেয়াদি এন্টিবায়োটিকস সেবনে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়। এতে এন্টিবায়োটিকস রেজিস্ট্যান্স হওয়া, ইনফেকশন বৃদ্ধি এবং এন্টিবায়োটিকস সংশ্লিষ্ট পার্শ্বপ্রতিক্রিয়া শুরু হতে পারে। টরেন্টোর ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল ইভাল্যুয়েটিভ সায়েন্সের বিশেষজ্ঞ ড. নাইক ডানিমেন জার্নাল অব আমেরিকান মেডিক্যাল এসোসিয়েশনে এ তথ্য দিয়েছেন। ড. ডানিমেন ও তার গবেষক দল কানাডার অন্টারিওতে প্রায় ৬৭ হাজার বয়স্ক লোকের ওপর গবেষণা চালান। যাদের বয়স ছিল ৬৬ বছর বা তার বেশি। গবেষকগণ দেখতে পান, শতকরা ৭৮ ভাগ রোগীকে ৭ দিন অথবা কম সময়ের জন্য এন্টিবায়োটিক দেয়া হয়েছে। কিন্তু ৪৫ শতাংশ বয়স্ক লোককে দেয়া হয়েছে ৭ দিনের বেশি সময়ের জন্য এন্টিবায়োটিকস। গবেষকগণ আরও দেখতে পান, কিছু চিকিত্সক এক রোগীকে বারবার এন্টিবায়োটিক দিয়েছেন। বিশেষজ্ঞগণ আরও দেখেছেন, যাদের দীর্ঘমেয়াদি এন্টিবায়োটিকস দেয়া হয়েছে তাদের শতকরা ১৯ ভাগ এসব ওষুধ সেবন থেকে বিরত থেকেছেন। বিশেষজ্ঞগণ মনে করেন, কোন অবস্থায়ই অপ্রয়োজনে অতিরিক্ত এন্টিবায়োটিকস সেবন করা উচিত নয়। এতে এন্টিবায়োটিকের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাসসহ শরীরে নানা পার্শ্বপ্রতিক্রিয়া শুরু হতে পারে।