জামায়াত-শিবির ও বিএনপি’র নৈরাজ্য ও হরতালবিরোধী সমাবেশে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, খালেদা জিয়া চিকিত্সার নামে সিঙ্গাপুর গিয়ে বিদেশি এজেন্টের কাছ থেকে উেকাচ নিয়ে বাংলাদেশকে ধ্বংস ও যুদ্ধাপরাধীদের বাঁচানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তিনি নতুন প্রজন্মকে নাস্তিক বলে ইসলামবিরোধী অপরাধ করেছেন। এজন্য তাকে একজন খলনায়িকা হিসাবে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তিনি গতকাল মঙ্গলবার ১৪ দল আয়োজিত হরতালবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
১৪ দলের সমন্বয়ক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ন্যাপ নেতা আলী আহমদ নাজির, জাসদ নেতা জসিমউদ্দিন বাবুল, ওয়ার্কার্স পার্টির আবু হানিফ, গণআজাদী লীগের মৌলানা নজরুল ইসলাম আশরাফী, আওয়ামী লীগের শফিকুল ইসলাম ফারুক, ইউনুছ গনি চৌধুরী, ইফতেখার সাইমুল চৌধুরী, জহরলাল হাজারী প্রমুখ। সভাপতির বক্তব্যে এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, হরতালের নামে সহিংসতা, রাষ্ট্রীয় সম্পদ ও প্রাণহানি করে কেউই পার পাবে না। আমাদের কাছে খবর আছে, চট্টগ্রাম ও বিভিন্ন উপজেলায় জ্বালাও-পোড়াও এবং খুন করে জামায়াত-শিবির দেশকে নৈরাজ্যের চরম সীমায় নিয়ে যাওয়ার চক্রান্তে লিপ্ত। তাদের আমরা চিহ্নিত করেছি। সুতরাং সাবধান হয়ে যান। নাশকতা করলে ঘেরাও করে তাদের আইনে সোপর্দ করা হবে।
