মুত্তিয়া মুরালিধরনের অবসরের পর শ্রীলংকা মাত্র চারটি টেস্টে জয় পেয়েছে। আর এই চার টেস্টের নায়ক একজনই, রঙ্গনা হেরাথ। চার টেস্টে হেরাথের উইকেট ৩৭টি। কাল আবারো তার বিষে নীল হয়েছে বাংলাদেশ। দুই ইনিংসে তার উইকেট ১২টি। গল টেস্টে ড্র করার পর হেরাথের কল্যাণেই কলম্বো টেস্ট ৭ উইকেটে জিতে দুই ম্যাচ সিরিজটিও জিতে নিয়েছে স্বাগতিকরা।
দিনের শুরুতে অধিনায়ক মুশফিকুর রহিম ও মোমিনুল হক আলো ছড়াবেন-এমনটাই আশা করছিলেন দেশবাসী। কিন্তু আশার সমাধি ঘটতে খুব দেরি হয়নি। লাঞ্চের আগেই বাংলাদেশ মাত্র ১৫৯ রানের লিড নিয়ে অলআউট! জেতার জন্য শ্রীলংকার প্রয়োজন হয়েছে মাত্র ৭০ মিনিট। তিন উইকেট খুঁইয়ে শ্রীলংকা পৌঁছে যায় ১৬০ রানে।
৩৬ রানে অপরাজিত থাকা মোমিনুলের কাছে দলের যে প্রত্যাশা ছিল তা ভেঙ্গে গেছে দিনের প্রথম ওভারেই। হেরাথের ষষ্ঠ বলে তিনি আউট। কলম্বো টেস্টে আতংকের নাম ছিল হেরাথ। গতকাল মুশফিকদের আট উইকেটের মধ্যে তিনিই নিয়েছেন সাতটি। মোমিনুলকে শর্ট লেগে ফিরিয়ে দিয়ে শুরু, এরপর একে একে তুলে নেন নাসির হোসেন, সোহাগ গাজী ও মুশফিকের উইকেট। আগের দিনের তিন উইকেটের সাথে কাল যোগ করেন আরো চারটি উইকেট। দিলশান ও এরাঙ্গা রুবেল ও রবিউলকে বোল্ড করায় বাংলাদেশের ইনিংস থেমে যায় ২৬৫ রানে। ফলে লিড পায় ১৫৯ রানের।
এই রান টপকাতে স্বাগতিকদের কাছে দুটি সেশন ও দশ উইকেট হাতে ছিল। কিন্তু শ্রীলংকার লেগেছে মাত্র ৭০ মিনিট। এরমধ্যে টানা তিন ইনিংসে সেঞ্চুরি পাওয়া কুমারা সাঙ্গাকারা (৫৫), তিলকারত্নে দিলশান (৫৭) হাফ সেঞ্চুরি তুলে নেন। তবুও বাংলাদেশের সান্ত্বনা স্বাগতিকদের তিন উইকেট ফেলতে পেরেছে বলে। তিনটি উইকেটের মধ্যে দুটি রবিউলের ও একটি সোহাগের।
দুই টেস্ট সিরিজ শেষে এবার বাংলাদেশের ওয়ানডে সিরিজের প্রস্তুতির পালা শুরু। ২৩, ২৫ ও ২৮ মার্চ তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। সফরে একটি টি-টোয়েন্টি ম্যাচও রয়েছে।
