বিক্ষিপ্ত সংঘর্ষ ও ভাংচুরের মধ্য দিয়ে সারাদেশে হরতাল পালিত

আপডেট : ১৯ মার্চ ২০১৩, ২২:২৩
ভাংচুর, বিক্ষিপ্ত সংঘর্ষ ও গ্রেফতারের মধ্য দিয়ে সারাদেশে ১৮ দলীয় জোটের ডাকা হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে বিভিন্ন স্থানে সংঘর্ষে দুই শতাধিক লোক আহত হয়েছে। গ্রেফতার হয়েছে শতাধিক। আহতদের মধ্যে কয়েকজন পুলিশও রয়েছে। হরতাল নিয়ে প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট : চট্টগ্রাম অফিস জানায়, বিক্ষিপ্ত সংঘর্ষ, গাড়ি ভাংচুর, মিছিল সমাবেশের মধ্য দিয়ে চট্টগ্রামে ১৮ দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতাল শেষ হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের সাথে হরতাল সমর্থকদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ ঘটলেও নগরীর কোথাও বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি। সকালে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল নগরীর স্টেশন রোড অতিক্রম করার কিছুক্ষণ পর দুর্বৃত্তরা কয়েকটি গাড়ি ভাংচুর করে। এছাড়া নগরীর বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুরের অভিযোগে পুলিশ ২০ পিকেটারকে আটক করে। সকাল ১০টায় শাহ আমানত সেতু সংলগ্ন এলাকায় সংঘর্ষে বিএনপির সংসদ সদস্য জাফরুল ইসলাম চৌধুরীসহ অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়। সিলেট অফিস জানায়, সিলেটে ১৮ দলের ৪৮ ঘণ্টা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হওয়ার পর আজ বুধবার সকাল-সন্ধ্যা জামায়াতে ইসলামী সিলেট বিভাগে হরতাল ডেকেছে। সিলেট মহানগর জামায়াতের আমির এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরকে গ্রেফতারের প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট বিভাগে হরতাল পালন করবে জামায়াত। সিলেট মহানগর জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলীয় সূত্র জানায়, বুধবারের হরতালের সমর্থনে মঙ্গলবার নগরীতে মিছিল-সমাবেশ হয়েছে দলের উদ্যোগে। গত শনিবার র্যাব ঢাকার উত্তরার একটি বাসা থেকে জুবায়েরকে গ্রেফতার করে। বরিশাল অফিস জানায়, হরতালের দ্বিতীয় দিনে বোমা বিস্ফোরণ, মহেন্দ্রা অটো রিকশা ভাংচুর ও অগ্নিসংযোগ, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল করেছে ১৮ দলের নেতা-কর্মীরা। হরতালের সমর্থনে সকালে মহানগর বিএনপি’র সভাপতি মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে নগরীর অক্সফোর্ট মিশন রোড এলাকায় এবং জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামাল ও সম্পাদক বিলকিস জাহান শিরিনের নেতৃত্বে নগরীর কাকলীর মোড় এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়। খুলনা অফিস জানায়, মিছিল, অগ্নিসংযোগ, ভাংচুরের মধ্যদিয়ে খুলনায় ১৮ দলের ডাকা হরতাল পালিত হয়েছে। পিকেটিং করার সময় ৪ জনকে আটক করেছে পুলিশ। হরতালের দ্বিতীয় দিন সকালে খানজাহান আলী রোডের জামাতখানা থেকে স্বেচ্ছাসেবক দল একটি মিছিল বের করে। এ সময় মিছিলকারীদের হাতে দু’টি বেবিট্যাক্সি ভাংচুর হয়। এছাড়া খুলনা জেনারেল হাসপাতাল সংলগ্ন এলাকায় ছাত্রদল এবং সামসুর রহমান রোডে যুবদল বিক্ষোভ মিছিল বের করে। সকালে খানজাহান আলী থানার যুগীপোল এলাকা থেকে পিকেটিং করার সময় আল আমীন, শফিকুল ইসলাম ও মিলন নামে ৩ জনকে পুলিশ আটক করে। যশোর অফিস জানায়, যশোরে ১৮ দলের ডাকা দ্বিতীয় দিনের ১৮ ঘণ্টা হরতাল শান্তিপূর্ণ ও ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। দু’-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে মঙ্গলবার দুপুরে শহরের মনিহার চত্বরে শ্রমিক লীগের হরতাল বিরোধী মিছিলে বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। যশোর কোতোয়ালি থানার ওসি গোলাম রহমান জানান, মনিহার এলাকায় পিকেটিং ও হরতাল বিরোধী মিছিলের মধ্যে ৩টি বোমার বিস্ফোরণ ঘটেছে। এদিকে রেললাইনে আগুনের গুজবে একঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। রাজশাহী অফিস জানায়, বিএনপি-জামায়াত জোটের ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবার ভোরে নগরীর বিনোদপুর ও মালোপাড়ায় পুলিশের সঙ্গে ছাত্রশিবির এবং বিএনপি কর্মীদের পৃথক সংঘর্ষে ৫ পুলিশ, ১০ শিবির, ৫ বিএনপি কর্মী আহত হয়েছেন। পুলিশ শিবিরের ৬২ জনকে আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর সাড়ে ৬টায় বিনোদপুরে জমায়েতের খবর পেয়ে পুলিশ সেখানে গেলে ছাত্রশিবির কর্মীরা পুলিশের উপর ইটপাটকেল ও হাতবোমা নিক্ষেপ করে। জবাবে পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করলে উভয়পক্ষে আধাঘণ্টার সংঘর্ষে ইটপাটকেল ও বোমার সিপ্রন্টারে মতিহার জোনের সহকারী কমিশনার (এসি) আবুল হাসনাতসহ পুলিশের ৫ সদস্য ও টিয়ারসেল-রাবার বুলেটে ১০ শিবির কর্মী আহত হয়। রংপুর প্রতিনিধি জানান, গতকাল মঙ্গলবার দুপুরে রংপুরে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ৬০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪০ রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ ও ব্যাপক লাঠিচার্জ করে। মহানগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি রংপুর প্রেসক্লাবের সামনে এলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ায় হরতালের পক্ষে বিপক্ষে মিছিল সমাবেশের মধ্যদিয়ে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টা হরতাল শেষ হয়েছে। হরতাল চলাকালে শহরের মালতিনগরে যুবদল ও খান্দার এলাকায় জামায়াত-শিবির মিছিল করেছে। এছাড়া জেলা বিএনপি শহরের সূত্রাপুর থেকে মিছিল বের করে। বগুড়া থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। তবে শহরে রিকশা চলাচল করতে দেখা গেছে। দোকানপাট বন্ধ ছিল। এদিকে পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে। শহরের সাতমাথাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে। বরগুনা (উত্তর) প্রতিনিধি জানান, বিএনপির ডাকা হরতালের দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবার বরগুনায় ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে। নাশকতার আশংকায় বুড়িরচর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মজিবুর রহমান ও বিএনপি’র সমর্থক আ. রহিমকে গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, টানা হরতালের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পুলিশের সঙ্গে হরতাল সমর্থনকারী মহানগর ছাত্রদলের নেতা-কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এসময় ছাত্রদল নেতা-কর্মীরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড প্রায় আধাঘণ্টা অবরোধ করে বেশ কয়েকটি যানবাহন ভাংচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে। খাগড়াছড়ি প্রতিনিধি জানান, হরতাল চলাকালে জেলা শহর ও বিভিন্ন উপজেলায় কমপক্ষে ১৫টি হালকা ও ভারি যানবাহন ভাংচুরের ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে হরতাল সমর্থকরা শহরের নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাইস্কুলের সামনে দুইটি মোটরসাইকেল ভাংচুর করেছে। এ সময় পিকেটারদের হাতে ঐ হাইস্কুলের শিক্ষক মনির হোসেনসহ দু’জন আহত হয়। হরতালের কারণে দূরপাল্লার ও অভ্যন্তরীণ সড়কে যানবাহন বন্ধ ছিল। বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাট-মংলা সড়কে ফকিরহাট উপজেলার শুকদাড়া এলাকায় বিএনপি-জামায়াতের পক্ষে অপ্রাপ্ত বয়স্ক মাদ্রাসা ছাত্র ও নারীরা পিকেটিং করেছেন। সকাল ১০টার দিকে পিকেটিংয়ে বাধা দিতে গেলে সেখানে আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াত কর্মীরা মুখোমুখি অবস্থান নেয়। এ সময় সেখানে অন্তত তিনটি গুলির শব্দ শোনা যায়। লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরে বিভিন্ন স্থানে বোমাবাজি, টায়ারে অগ্নিসংযোগ, মোটর সাইকেল ভাংচুর ও রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধের মধ্যদিয়ে হরতাল পালিত হয়েছে। সকালে রায়পুর-লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের দালাল বাজার, মাইলের মাথা ও মান্দারী বাজার নামক স্থানে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এছাড়া সকালে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় ৩টি মোটর সাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে হরতাল সমর্থকরা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ১৮ দলীয় জোটের ডাকা ৩৬ ঘন্টা হরতাল দ্বিতীয় দিন ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাথে পিকেটারদের ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষ, রেল স্লি¬পারে আগুন, গাড়ি ভাংচুরসহ বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে পালিত হচ্ছে। কুমিল্লা-সিলেট মহাসড়কের শহরের পুনিয়াউট এলাকায় পুলিশ ২১ রাউন্ড রাবার বুলেট ও ৬ রাউন্ড কাঁদানে গ্যাস ব্যবহার করে। সংঘর্ষের সময় কমপক্ষে ৫ জন আহত হয়েছে। সদর উপজেলার সুলতানপুরের পঞ্চবটিতে পিকেটিংকে কেন্দ্র হরতাল সমর্থক ও বিপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। লালমনিরহাট প্রতিনিধি জানান, গতকাল মঙ্গলবার ১৮ দলের ডাকা হরতাল পক্ষে-বিপক্ষে মিছিল, দফায় দফায় পুলিশ-বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যদিয়ে পালিত হয়েছে। বিএনপির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৯ রাউন্ড টিয়ারসেল ছোঁড়ে। এতে কমপক্ষে ৫ জন আহত হয়েছে। ময়মনসিংহ প্রতিনিধি জানান, গতকাল মঙ্গলবার সকালে শহরের হাইস্কুল মোড়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে ঝটিকা মিছিল বের করলে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বেশ কিছুক্ষণ ধরে চলা এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা নিয়ন্ত্রণে পুলিশ ২ রাউন্ড টিআর সেল ও ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। এসময় আরমান আলী (১৮) ও আবু সায়েম (১৪) নামের ২ শিবির কর্মীকে আটক করে পুলিশ। ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার দ্বিতীয় দিনের হরতালে মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ে পুলিশ ও বিএনপি সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ছুঁড়লে বিএনপির প্রায় ২০ নেতাকর্মী আহত হন। মানিকগঞ্জ প্রতিনিধি জানান, বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন সোমবার মানিকগঞ্জে স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়েছে। সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বানিয়াজুরী এলাকায় গাছের গুঁড়ি ফেলে পিকেটিং করে হরতাল সমর্থকরা। এ মহাসড়কে দূরপাল্লাসহ কোন ধরনের যানবাহন চলাচল করেনি। জেলার অভ্যন্তরীণ সড়কে অল্পসংখ্যক ছোট যানবাহন চলাচল করলেও তেমন যাত্রী ছিল না। রাজবাড়ী প্রতিনিধি জানান, হরতালের শেষ দিনে গতকাল মঙ্গলবার সকালে রাজবাড়ীতে তাজা ককটেল উদ্ধার, অটো রিক্সা ভাংচুর, পুলিশকে লক্ষ্য করে ইট-পাটক্ষেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পুলিশ শহরের বিভিন্ন স্থান থেকে ৬ পিকেটারকে আটক করেছে। তবে বড় ধরনের কোন নাশকতার ঘটনা ঘটেনি। ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, ১৮ দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতালে ঠাকুরগাঁওয়ের ৪ উপজেলায় হরতাল পালিত হয়নি। উপজেলাগুলো হলো বালিয়াডাঙ্গী, রাণীশংকৈল, পীরগঞ্জ ও হরিপুর। এসব উপজেলায় সোম ও মঙ্গলবার সারাদিন স্কুল-কলেজ, ব্যাংক-বীমা যথারীতি চালু ছিল। তবে দূরপাল্লার কোনো যানবাহন অন্য কোথাও ছেড়ে যায়নি। সুনামগঞ্জ প্রতিনিধি জানান, সুনামগঞ্জে হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল করতে গিয়ে আওয়ামী লীগ-বিএনপির সমর্থকদের মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে, পুলিশ, সাংবাদিকসহ ৪০ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মুন্সীগঞ্জে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। সকালে হরতালের সমর্থনে শহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। সকালে শহরের বিএনপির ঘাঁটি বলে পরিচিত মুক্তারপুর সেতুর ঢালে হরতাল সমর্থকরা ৫টি গাড়ি ভাঙচুর করে। সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জ ও রায়গঞ্জে পৃথক দুটি ঘটনায় বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জিন্না ও সাংগঠনিক সম্পাদক আসাদ আলী সরকারসহ অন্তত ১৮ জন। নরসিংদী প্রতিনিধি জানান, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা দ্বিতীয় দিনের হরতাল নরসিংদীতে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। হরতাল চলাকালে সকাল ৭ টায় নরসিংদীর শিক্ষাচত্বর সংলগ্ন স্থানে পর পর ৪টি ককটেল বিস্ফোরিত হয়। সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরায় ১৮ দলীয় জোটের ডাকা দ্বিতীয় দিনের হরতাল গতকাল মঙ্গলবার কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। সকাল থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে শহরের নিউ মার্কেট ও জজকোর্ট এলাকায় কয়েক দফায় বিক্ষোভ মিছিল বের করে। মাগুরা প্রতিনিধি জানান, হরতাল চলাকালে অধিকাংশ দোকানপাট এবং বাস চলাচল বন্ধ ছিল। তবে অফিস আদালত, স্কুল-কলেজ খোলা ছিল এবং স্বাভাবিক কাজকর্ম হয়েছে। শহরে রিক্সা ও ইজি বাইক চলাচল করেছে। দুপুরের দিকে ভানার মোড় এবং তার কাছের এলাকায় তিনটি ককটেল বিস্ফোরিত হয়।