ভারতে ইউপিএ জোট থেকে বেরিয়ে গেল ডিএমকে

আপডেট : ১৯ মার্চ ২০১৩, ২২:২৪
ভারতে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে তামিলনাড়ু প্রদেশের রাজনৈতিক দল ডিএমকে। শ্রীলঙ্কার তামিল ইস্যুকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার প্রদেশটির রাজধানী চেন্নাইয়ে এক সংবাদ সম্মেলনে দলটির প্রধান করুণানিধি এ সিদ্ধান্তের কথা জানান। খবর টাইমস অব ইন্ডিয়ার। করুণানিধি জানিয়েছেন, শ্রীলঙ্কা ইস্যুতে জাতিসংঘে তাদের দাবি পূরণে বর্তমান সরকার জোরালো ভূমিকা পালন করেনি। ডিএমকে চায়, শ্রীলঙ্কায় তামিল টাইগারদের ওপর সে দেশের সরকার যে হামলা চালিয়েছে সেটি একটি গণহত্যা। জাতিসংঘের মানবাধিকার পরিষদে ভারত সরকারকে এ বিষয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। ডিএমকে ভারতের পার্লামেন্টও শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি প্রস্তাব গ্রহণের আহবান জানিয়েছিল। করুণানিধি জানিয়েছেন, সরকার যদি তাদের দাবি মেনে নেয় তাহলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। ডিএমকে বেরিয়ে যাওয়ার ঘোষণার পর কংগ্রেস বৈঠক করেছে এবং সংসদে একটি প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে। অর্থমন্ত্রী পি চিদাম্বরম জানিয়েছেন, সোনিয়া গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের একটি কোর গ্রুপ ডিমকে’র দুটি দাবির বিষয়ে বিবেচনা করছে। লোকসভায় ৫৪৩ আসনের মধ্যে ডিএমকেসহ কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের পক্ষে ৩০৩ জন সদস্যের সমর্থন রয়েছে। ডিএমকের রয়েছে ১৮টি আসন। এদিকে শ্রীলংকায় সংখ্যালঘু তামিল প্রশ্নে তামিলনাড়ুর চির বৈরী দু’টি দল এখন একাট্টা। তাদের হৈ-চৈয়ের কারণে গতকাল লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মূলতবি হয়ে যায়।