সাদুল্লাপুরে মাজার নিয়ন্ত্রণের সংঘর্ষে একজন নিহত

আপডেট : ১৯ মার্চ ২০১৩, ২২:২৭
সাদুল্লাপুর উপজেলার ঘেঘার বাজারে গত সোমবার রাতে স্থানীয় পীরের মাজারের নিয়ন্ত্রণকে কেন্দ করে প্রতিপক্ষের হামলায় আল আমিন (৩৮) নামে এক ব্যক্তি নিহত ও ১১ জন আহত হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে সুমি বেগম নামের এক মহিলাকে আটক করেছে। সাদুল্লাপুর থানার ওসি জানান, ফরিদপুর ইউনিয়নের ঘেঘার বাজারের একটি পীরের মাজার ও সংশ্লিষ্ট জমি-জমার নিয়ন্ত্রণকে কেন্দ করে গ্রামের শহিদুলের সাথে আল-আমিনের দীর্ঘদিন থেকে দ্বন্দ চলে আসছিল। এরই জের ধরে সোমবার রাত ৯টার দিকে শহিদুল ইসলাম শতাধিক লোকবল নিয়ে আল-আমিনের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এতে বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে সন্ত্রাসীরা এলোপাতাড়ী কোপায়। এক পর্যায়ে আল আমিন ও তাহাদুল ইসলামের দুই পা কেটে বিচ্ছিন্ন করে। গুরুতর আহত অবস্থায় দুজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার আল আমিন মারা যায়। নিহত আল-আমিন ভাতগ্রাম ইউনিয়নের খোদাবক্স গ্রামের বাসিন্দা।