সাভারের আশুলিয়ায় চাঁদার দাবিতে এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়েছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার দুপুরে আশুলিয়ার গাজীরচট উত্তরপাড়া এলাকার তরুণ ফার্মেসির মালিক সন্ত্রাসী হামলার শিকার হন। এলাকাবাসী তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এলাকার একদল সন্ত্রাসী কিছুদিন ধরে ব্যবসায়ী অরুণের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় মঙ্গলবার দুপুরে একদল সন্ত্রাসী দুইটি মোটরসাইকেল নিয়ে তার দোকান তরুণ ফার্মেসিতে এসে হামলা চালায়। সন্ত্রাসীরা অরুণকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। প্রতিবেশীরা তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে স্থানীয় ক্লিনিকে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, গ্রেফতারে পুলিশ কাজ করছে। উল্লেখ্য, সন্ত্রাসীরা চাঁদা দাবি করে আসায় ইতিপূর্বে তিনি আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করেন।
যশোর অফিস জানায়, যশোরে চাঁদা না পেয়ে সাজ্জাদুর রহমান পিকুল (২৮) নামে এক ব্যবসায়ীকে গুলি করে দুর্বৃত্তরা। সোমবার রাত ৯টার দিকে যশোর শহরতলী শেখহাটি এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ পিকুলকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শেখহাটি এলাকার মহসিন মোল্লার ছেলে। গুলিবিদ্ধ পিকুল জানিয়েছেন, শেখহাটিতে তার একটি ওয়েল্ডিং ওয়ার্কশপ রয়েছে। এলাকার শামীম, আলী হোসেন, বাবুসহ একদল দুর্বৃত্ত প্রায়ই তার দোকানে এসে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় সোমবার রাতে দুর্বৃত্তরা দোকানে হানা দিয়ে তাকে গুলি করে। গুলিটি তার পায়ে বিদ্ধ হয়। স্থানীয় লোকজন তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। কোতোয়ালি মডেল থানার এসআই আব্দুল আজিজ জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
