নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গোপন বৈঠকের সময় জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ছাত্রী সংস্থার ফতুল্লা থানা কমিটির সভানেত্রী ও সাধারণ সম্পাদিকাসহ ১৮ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১৬ জন নারী। এরা ছাত্রী সংস্থার সদস্য। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল সংখ্যক বই, রেজিস্ট্রেশন খাতা, ছাত্রী সংস্থার সদস্য ফরম, পাসপোর্টের আদলে তৈরি খাতা। এই খাতায় লেখা রয়েছে ‘পরকালের পাসপোর্ট’।
মঙ্গলবার বিকেল ৪টায় ফতুল্লা মডেল থানা পুলিশের একটি টিম ভুঁইগড় এলাকায় কেফায়েতউল্লাহ মিয়ার মালিকানাধীন ভবনের ২য় তলা থেকে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে কেফায়েতউল্লাহর মেয়ে ও ছেলে রয়েছে। অভিযানে ছিলেন ফতুল্লা মডেল থানার এএসপি মাসুমুজ্জামান, ওসি আকতার হোসেন, উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান প্রমুখ।
ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন জানান, সেখানে স্থানীয় দারুননেছা ইসলামিক মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রীদের নিয়ে একটি সভা চলছিল। এমন অভিযোগে অভিযান চালানো হয়।
