পানীয়র মধ্যে যাদের পছন্দ কড়া কফি এবার তাদের কথা ভেবেই বিশ্বের সবচেয়ে কড়া কফি উদ্ভাবনের দাবি জানিয়েছেন আমেরিকার নিউইয়র্কের অধিবাসী মাইক ব্রাউন। নিউইয়র্কের ছোট একটি কফি শপে দীর্ঘদিন থেকে কাজের অভিজ্ঞতা আর সেখানে কফি খেতে আসা মানুষদের চাহিদার কথা মাথায় রেখেই কফির নতুন এই বেন্ড উদ্ভাবন করেছেন মাইক। আর নিজের উদ্ভাবিত ও বিশ্বের সবচেয়ে কড়া কফি হিসেবে দাবি করা এই কফিটির একটি অদ্ভুতুড়ে নামও দিয়েছেন মাইক। সাধারণ এসপ্রেসো কফির চাইতে দুই গুণ বেশি কড়া স্বাদের এই কফিটির নাম মাইক রেখেছেন ‘ডেথ উইশ কফি’। সেই সাথে কফির এই বে¬ন্ডটির শক্তি বুঝানোর জন্য এটি খাওয়ার পর কফি গ্রহীতাকে দু’এক রাত না ঘুমিয়ে থাকার অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হবে বলেও সাবধান করে দিয়েছেন মাইক। এ ধরনের কফি বে¬ন্ড তৈরি করার প্রেক্ষাপট সম্পর্কে জানাতে গিয়ে মাইক বলেন, ‘আমি নিউইয়র্কের যে কফি শপটিতে কাজ করতাম সেখানে প্রায়ই কড়া কফির জন্য অর্ডার করতেন গ্রাহকেরা। কিন্তু সবচেয়ে কড়া স্বাদের কফি তাদের সার্ভ করার পরও তারা সেটি নিয়ে অসন্তোষ প্রকাশ করতেন। এমনকি প্রতিদিনই আমাকে গ্রাহকদের এটা বোঝাতে হতো যে গাঢ় রোস্টেড কফি মানেই যে সেটিতে ক্যাফেইন বেশি থাকবে বা সেটি কড়া স্বাদের হবে এমন কোনো কথা নেই। কিন্তু গ্রাহকরা এটা বুঝতে চাইতেন না এবং প্রতিদিনই তারা আরও কড়া কফি চাইতেন। মূলত গ্রাহকদের এই অসন্তোষই আমাকে ডেথ উইশ কফি নামের এই কফি বিনটি রোস্ট করতে উত্সাহিত করে। এই কফিটি তৈরি করার জন্য আমি বহু পরীক্ষা-নিরীক্ষা করেছি এবং এতে যে ধরনের কফি বিন, বে¬ন্ড বা রোস্টিং প্রক্রিয়া আমি ব্যবহার করেছি সেটি নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে কড়া স্বাদের কফির জন্ম দিয়েছে। তবে কফি তৈরির এই প্রক্রিয়াটি অন্য কারও হাতে চলে যেতে পারে বলে আমি এই প্রক্রিয়াটি এখনই কাউকে জানাতে চাচ্ছি না।’ এদিকে মাইকের তৈরি এই এক্সট্রা স্ট্রং কফি গুঁড়ো অবস্থায় বা আস্ত কফি বিন হিসেবে ইতোমধ্যেই কিনতে পাওয়া যাচ্ছে অ্যামাজনসহ বেশ কয়েকটি অনলাইন শপিং সাইটে।
