সূচক কমলেও বেড়েছে লেনদেন

আপডেট : ২০ মার্চ ২০১৩, ১৯:৪৯
গতকাল বুধবার নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে পার করেছে শেয়ার বাজার। তবে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। তবে তা দুইশ’ কোটি টাকার গণ্ডি পার হয়নি। ফলে এ নিয়ে টানা নয় দিন দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হলো দুইশ’ কোটি টাকার নিচে। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৩৮ পয়েন্ট কমে ৩ হাজার ৮৫৬ পয়েন্টে নেমে এসেছে। সাধারণ মূল্যসূচকও কমেছে ৩৮ পয়েন্ট। আর ডিএসই-৩০ মূল্যসূচক ১২ পয়েন্ট বেড়ে হয়েছে ১ হাজার ৪১৬ পয়েন্ট। গতকাল ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৮০ কোটি ২১ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১৮ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৬৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৬টির, কমেছে ১৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের। এদিন ডিএসইতে হাত বদল হয়েছে ২৬৩টি কোম্পানির ৪ কোটি ৩০ লাখ ৭০ হাজার ৭৫৪টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৫৬ পয়েন্ট কমে ১২ হাজার ৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসই-৩০ মূল্যসূচক কমেছে ১৩০ পয়েন্ট। এদিন সিএসইতে লেনদেন হয়েছে মোট ২৯ কোটি ৫ লাখ ১৬ হাজার ৬৬৮ টাকা। লেনদেনকৃত ১৭০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১টির, কমেছে ১৪২টির আর অপরিবর্তিত ছিল ৭টি কোম্পানির শেয়ারের দর। এদিকে ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসইতে তালিকাভুক্ত বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ও সিঙ্গার বিডি তাদের বাত্সরিক লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে সিঙ্গার বিডির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১২ তারিখে সমাপ্ত অর্থ বছরের জন্য ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ২৫ শতাংশ বোনাস শেয়ার দেয়ার সুপারিশ করেছে। সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১২ টাকা ৪৯ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে (এনএভি) ৬৪ টাকা ৬৭ পয়সা। আর বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থ বছরের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে। সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৬৫ পয়সা। শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ২০ টাকা ৩৩ পয়সা।