দেশে উত্পাদন হয় এমন সকল চূড়ান্ত পণ্য (ফিনিশড গুডস) আমদানির ক্ষেত্রে অতিরিক্ত ডিউটি (ট্যাক্স) আরোপ করে দেশীয় শিল্পকে সুরক্ষিত করার আহবান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। তবে শিল্পের কাঁচামাল আমদানির উপর যেন কোনক্রমেই বেশি ডিউটি আরোপ না করা হয় সে ব্যাপারে আরো যত্নশীল হতে হবে। গতকাল শিল্পমন্ত্রণালয়ে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান ডিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের সদস্যরা।
বৈঠকে ডিসিসিআই সভাপতি সবুর খান বলেন, ব্যবসায়ী উদ্যোক্তারা প্রচুর অর্থ বিনিয়োগ করে যন্ত্রপাতি আমদানি করে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করেছে। কিন্তু নতুন গ্যাস সংযোগ না দেয়ায় নতুন স্থাপিত কারখানাগুলো অকেজো হয়ে পড়ে আছে, যার ফলে শিল্পায়ন এবং কর্মসংস্থানের সৃষ্টি প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। এজন্য তিনি শিল্প কারখানায় নিরবচ্ছিন্নভাবে গ্যাস, বিদ্যুত্ ও ইউটিলিটি সংযোগ প্রদান করে ব্যবসায়ী তথা দেশের বিপুল পরিমাণ অর্থের ক্ষতি রোধ করার জন্য সরকারকে অনুরোধ জানান।
এদিকে দেশব্যাপী পরিকল্পিত শিল্পায়নের উদ্যোগ জোরদার করতে ২ হাজার নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা নিয়েছে ডিসিসিআই। এ লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে তরুণ ও মেধাবীদের চিহ্নিত করে প্রয়োজনীয় অর্থায়ন, তথ্য সেবা ও প্রশিক্ষণ দেয়া হবে। এ কর্মসূচির মাধ্যমে প্রায় ৪০ হাজার লোকের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে ডিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়।
বৈঠকে ডিসিসিআই নেতারা বলেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা জরুরী। এর পাশাপাশি জাতীয় মাননির্ধারণী প্রতিষ্ঠান বিএসটিআই আধুনিকায়ণ, শিল্প জোন স্থাপন ও দেশীয় ঐতিহ্যবাহী পণ্যের মালিকানা সুরক্ষার উদ্যোগ নিতে হবে। সম্প্রতি হরতালে ব্যাংক, বীমা, এটিএম বুথসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসায়িক শো-রুম, চেম্বার ভবন, হাসপাতাল, পণ্য পরিবহনরত যানবাহনে অগ্নি সংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তারা।
এসব বিষয়ে শিল্পমন্ত্রী বলেন, সরকার দেশীয় শিল্পের সুরক্ষায় আমদানিবিকল্প শিল্প পণ্যের কাঁচামাল আমদানির ক্ষেত্রে শুল্ক ছাড় দেয়া হবে। জাতিসংঘের শিল্প বিষয়ক সংস্থার (ইউনিডো) সহায়তায় বিএসটিআই ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) সক্ষমতা বৃদ্ধি করা হবে বলে তিনি জানান। তিনি বলেন, জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সকলের কর্মকাণ্ড যুক্তিসংগত হওয়া উচিত। কল কারখানা ও ব্যবসা-বাণিজ্য ধ্বংস করে রাজনৈতিক অভিলাষ অর্জন সম্ভব হবে না। গণতান্ত্রিক অধিকার হলেও হরতালের নামে আত্মঘাতী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবসায়ী সমাজকে আরো সচেতন হওয়ার আহবান জানান।
বৈঠকে অন্যদের মধ্যে ডিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি নেসার মাকসুদ খান, সহ-সভাপতি আবসার করিম চৌধুরী প্রমুখ পরিচালকগণ উপস্থিত ছিলেন।
