দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার আবারও সফটওয়্যার ত্রুটি দেখা দিয়েছে। লেনদেন শুরুর পর শেয়ার ক্রয়-বিক্রয় করতে গিয়ে সফটওয়্যার সাময়িকভাবে কোনো কাজ করছিলো না। এমনকি কিছু সময়ের জন্য ডিএসই’র ব্রড সূচক শূন্য দেখাচ্ছিল। এর আগেও কয়েকদিন ডিএসই’র সফটওয়্যার বিভ্রাট দেখা দিয়েছিল।
বিনিয়োগকারীদের সাথে কথা বলে জানা গেছে, এমএসএ প্লাস সফটওয়্যার চালু করার পর থেকে কোনো কোম্পানি ডিএসইতে নতুনভাবে যুক্ত হলে মাঝে মাঝে এ ধরনের সমস্যা দেখা দিচ্ছে। গতকাল ওরিয়ন ফার্মা ডিএসইতে যুক্ত হওয়ার পরও বিনিয়োগকারীদেরকে সমস্যায় পড়তে হয়েছে। এ বিষয়ে ডিএসইর প্রধান প্রকৌশল কর্মকর্তা এ এস এম খায়রুজ্জামানের সঙ্গে কথা বলতে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
জানা গেছে, দুপুর সাড়ে ১২টা ও সোয়া ১ টার দিকে নতুন সূচকের সব পয়েন্ট শূন্য দেখা যায়। এতে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা দেয়। এর আগে লেনদেন শুরুর পরপরই শেয়ার কেনা বেচা করতে গিয়েও বিপাকে পড়েছেন অনেক বিনিয়োগকারী। বিনিয়োগকারীরা অভিযোগ করেন, শেয়ার ক্রয় বা বিক্রির জন্য অর্ডার দেয়া হলে তা কার্যকরী হতে কয়েক মিনিট সময় অপেক্ষা করতে হয়েছে। এতে কাঙ্ক্ষিত দামে শেয়ার বিক্রি করতে না পেরে অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকে চাহিদা মতো দামে শেয়ার কিনতে না পেরে ক্ষুব্ধ হয়েছেন। গতকাল দিনের শুরুতে ওরিয়ন ফার্মার শেয়ারের দাম ভালো থাকলেও পরে তা কমতে থাকে। ফলে যারা এ কোম্পানির শেয়ার বিক্রি করতে চেয়েছেন তারা সবেচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছেন।
