মধু উত্পাদন শিল্পের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে দেশীয় মৌ-চাষিদের সিঙ্গেল ডিজিট সুদে ঋণ দেয়া হবে। মধু উত্পাদন শিল্প ক্লাস্টারের (গুচ্ছ শিল্প এলাকা) আওতায় এ ঋণ বিতরণ করা হবে। এর ফলে বাংলাদেশ মধুর অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির সক্ষমতা অর্জন করতে সমর্থ হবে।
শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া গতকাল বুধবার রাজধানীর বিসিক মিলনায়তনে আধুনিক প্রযুক্তিতে মধু চাষ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত ‘আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মধুর উত্পাদনশীলতা বৃদ্ধি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এ সেমিনারের আয়োজন করে। শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী এতে বিশেষ অতিথি ছিলেন।
উল্লেখ্য, দেশের সকল জেলায় আধুনিক পদ্ধতিতে মৌচাষের লক্ষ্যে ৯ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্পের আওতায় মৌচাষিদের দক্ষতা উন্নয়ন, সুন্দরবন অঞ্চলের মৌয়ালদের উত্পাদন সক্ষমতা বৃদ্ধি ও নতুন উদ্যোক্তা সৃষ্টির জন্য ৬ হাজার জনকে প্রশিক্ষণ দেয়া হবে। এর ফলে দেশে প্রায় ১২ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি মধু উত্পাদন দ্বিগুণ হবে বলে আশা করা হচ্ছে।
