পাঁচ প্রশ্ন

দীপা খন্দকার

আপডেট : ২০ মার্চ ২০১৩, ১৯:৫৪
কেমন যাচ্ছে আপনার সময়টা? আমার ক্যারিয়ারের পুরোটা সময়ই আমার জন্য পজেটিভ। কেননা আমি আগেও যেমন কাজ করেছি এখনও ঠিক তেমনই কাজ করে চলছি। কিন্তু বর্তমান দেশে বিদ্যমান পরিস্থিতি আমাকে অনেকটা বিমর্ষ করে তুলছে। আমি বরাবরই কাজ করি একটু দেখে শুনে, কাজের ক্ষেত্রে গতানুগতিক চর্চাটা করিনি কখনও। বর্তমানে ব্যস্ততা কী নিয়ে? আমি আসলে বরাবরই নিজেকে দেখতে চেয়েছি ভালো কাজের একজন অভিনেত্রী হিসেবে। বর্তমানে কাজের ব্যস্ততা একটু বেশি। একক ও ধারাবাহিকে কাজ করছি সমান গতিতে। প্রচারিত ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে ‘জননী’, ‘মায়াকুঞ্জ’, ‘বড় বাড়ির ছোট বউ’ ইত্যাদি এ ছাড়াও আরও কয়েকটি একক নাটকের শুটিং চলছে, এর মধ্যে অনেকগুলো অনএয়ারে যাওয়ার অপেক্ষায় আছে। কোন ধরনের নাটকে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন? অভিনয়ের সুযোগ রয়েছে এমন যেকোনো চরিত্রেই অভিনয় করতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। কেননা দৈনন্দিনের আশপাশের চেনা সকল চরিত্রগুলোকেই পর্দায় ফুটিয়ে তুলতে আমি পছন্দ করি। ধারাবাহিকই আমার প্রথম পছন্দ কেননা ধারাবাহিকের চরিত্রের খুটিনাটি অনেকগুলো দিক উঠে আসে যা একক নাটকে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। নাটকের মাঝে অতিরিক্ত বিজ্ঞাপন দেখানো সম্পর্কে আপনার মতামত জানতে চাই। আমাদের কাজে অনেক সৃজনশীলতা রয়েছে কিন্তু তারপরও আমাদের এখানে নাটকে এত বিজ্ঞাপন দেখায় যে নাটকের কথা দর্শক বেমালুম ভুলে যায়। কিন্তু তারপরও নাটকের বিজ্ঞাপনের উপর আমরা নির্ভরশীল। সব মিলিয়ে সবাইকেই একটু সচেতন হওয়া প্রয়োজন। আপনার নাগরিক আনন্দ-বেদনা কতটুকু? একজন নাগরিক হিসেবে আমার আনন্দ বেদনা ফিফটি ফিফটি। এ দেশের নাগরিক হিসেবে আমি গর্ববোধ করি কিন্তু দেশের এই পরিস্থিতি আমাদের সবার জন্যই অনেক বেদনাদায়ক। দেশ যেমনই চলুক দেশটা কিন্তু আমাদের। আমাদেরই উচিত নিজেদের অবস্থান থেকে দেশের প্রতি সঠিক দায়িত্ব-কর্তব্য পালন করা।