ব্যান্ডবাদ্যি

মনোসরণি থেকে

আপডেট : ২০ মার্চ ২০১৩, ১৯:৫৬
এই ব্যান্ডের নামের উেস আছেন কবি জীবনানন্দ দাশ। তার রচিত কবিতার শিরোনাম দলটি মাথায় তুলে নিয়ে রকের দুনিয়ায় নিজেদের পরিচয় দিল মনোসরণি নামে। শুধু নামে নয়, কবিতার সাথে ব্যান্ড দলটির সম্পর্কে রয়েছে নাড়ির টান। ব্যান্ডের দুই সদস্য কবি হিসেবেও বেশ সমাদৃত। ঘটনার শুরু সেই ২০০৪ সালে। দুই কবি—প্রবর রিপন ও মুয়ীজ মাহফুজ। যাদের পরিচয় কবিতার সূত্রে। কিন্তু তাদের সম্পর্ক বন্ধুত্বে গড়িয়েছিল ছোট কাগজ ‘কালনেত্র’র হাত ধরে। তারা তখন কবিতার নেশায় মত্ত। আর এই কবিতার পিঠে ডানা জুড়ে দিতে শুরু করলেন গান। সিদ্ধান্ত নিলেন ব্যান্ড গড়ার। শুরু হলো মনোসরণির যাত্রা। আরও কিছু পরে তাদের পথের সঙ্গী হয়েছিলেন বুয়েটের প্রকৌশল বিভাগের ছাত্র তাসবীহ্ চৌধুরী প্রসূন। এর পরের বছরই তাদের সাথে যুক্ত হলেন একই প্রতিষ্ঠানের স্থাপত্যবিদ্যার ছাত্র বাঁধন। এ চারজন নিয়েই মনোসরণির বর্তমান লাইনআপ। মনোসরণির প্রথম গানটি প্রকাশ হয় ২০০৮ সালে মিক্সড অ্যালবাম ‘বন্ধুতা’য়। গানের শিরোনাম ‘জলে আগুন’। গানটি শ্রোতামহলে বেশ সাড়া পায়। এরপর ২০০৯ সালের মাঝামাঝিতে এসে তারা নিজেদের অ্যালবামের কাজ শুরু করেন। এর ৪ বছর পর অর্থাত্ এ বছরই বাজারে আসে তাদের অ্যালবামটি। নাম ‘মনোসরণি’। এই অ্যালবামে মোট ১২টি গান রয়েছে। গানগুলো হচ্ছে—‘নির্জন অভয়ারণ্য’, ‘তোমাকে ছাড়া’, ‘মানুষ না ক্রিতদাস’, ‘রামপাম’, ‘জীবন মানেই গড়মিল’, ‘মাকে লেখা চিঠি’, ‘মৌন মন্দির’, ‘আত্মজীবনী’, ‘জন্মান্ধের কানামাছি’, ‘হোমসিক’, ‘তোমাকে খুঁজছি’ ও ‘সুদর্শন রোবট’। অ্যালবামটি প্রকাশ করেছে বেঙ্গল মিউজিক। অ্যালবামের গানগুলোর কথা লিখেছেন প্রবর রিপন ও মুয়ীজ মাহফুজ। শুধু কথা নয়, গানগুলোতে কণ্ঠও দিয়েছেন তারা। দেশের এই অস্থির পরিস্থিতিতে প্রকাশ হওয়া অ্যালবামটি শ্রোতাদের মনোযোগ পেতে সফল হয়েছে। যা মনোসরণিকে উত্সাহী করেছে দ্বিতীয় অ্যালবামের কাজ শুরু করতে। খুব শিগগিরই এই অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দিতে পারবেন বলে জানিয়েছেন তারা। মনোসরণির ইতিহাস খুব একটা মসৃণ নয়। নানারকম প্রতিকূলতার ভেতর দিয়ে যেতে হয়েছে তাদের। বিশেষ করে অর্থনৈতিক সঙ্কটটাই তাদের বেশি ভুগিয়েছে। তবুও থেমে পড়েনি মনোসরণি। এগিয়েছে নিজের সবটুকু ইচ্ছা পূরণের লক্ষ্য নিয়ে। মনোসরণির গানগুলোতে যেন এ সাহসেরই ছোঁয়া পাওয়া যায়। তাদের গানে কথার খোলস ভেঙে উঠে আসে বাস্তবতা। যা শ্রোতাকে নিজের অস্তিত্বের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, কিন্তু ভয় দেখায় না এতটুকু। আর এ কারণেই হয়তো মনোসরণির প্রথম অ্যালবামটি পরিবেশক প্রতিষ্ঠানের উদাসীনতার পরও শ্রোতানুকূল্য পেতে ব্যর্থ হয়নি বলে জানালেন এর ভোকাল প্রবর রিপন। মনোসরণির বর্তমান ব্যস্ততা সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, ‘বিভিন্ন টিভি লাইভ প্রোগ্রাম ছাড়াও বর্তমানে আমরা পরবর্তী অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত আছি। আগামী তিন মাসের মধ্যেই দ্বিতীয় অ্যালবামটি শেষ করতে পারব বলে আশা রাখি। এরই মাঝে অ্যালবামের অনেকগুলো গানেরই কাজ শেষ হয়েছে।’ এ ছাড়া প্রথম অ্যালবামের গানের মিউজিক ভিডিওর কাজ চলছে বলে জানালেন তারা। আমরাও তাদের জানিয়ে রাখি, মনোসরণীর এ পাশ থেকে ও পাশ জুড়ে থাকুক গানের কোলাহল—এটাই আমাদের আশা।