‘ইত্যাদি’ এবার রংপুরের তাজহাট জমিদার বাড়িতে

আপডেট : ২০ মার্চ ২০১৩, ২০:০২
আমাদের সভ্যতা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও বিভিন্ন প্রত্নতাত্ত্বিক গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গিয়ে ‘ইত্যাদি’র মূল অনুষ্ঠান ধারণ করার ধারাবাহিকতায় ‘ইত্যাদি’র আগামী পর্ব ধারণ করা হয়েছে রংপুরের ঐতিহ্যবাহী তাজহাট জমিদার বাড়িতে। রংপুরের সর্বস্তরের জনসাধারণের মধ্যে এক উত্সবের আমেজ সৃষ্টি হয়েছিল। মূলত বেশ কয়েক বছর ধরে ‘ইত্যাদি’ সেট নির্মাণে এক নুতন বৈচিত্র্য নিয়ে এসেছে। আমাদের প্রাচীণ নিদর্শন কিংবা ঐতিহ্যবাহী স্থানগুলোকে কেন্দ্র করেই মঞ্চ নির্মাণ করা হয়। ফলে দর্শকরা যেমন ওই স্থানটি সম্পর্কে জানতে পারেন, পাশাপাশি প্রতিবারই নিত্য-নতুন লোকেশনের কারণে সেট নির্মাণেও বৈচিত্র্য আসে। গত ১৬ মার্চ তাজহাট জমিদার বাড়ির আলোকিত মঞ্চের সামনে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে ধারণ হয় ‘ইত্যাদি’। বর্ণিল আলোয় তাজহাট যেন সেদিন নতুন সাজে সেজেছিল। অনুষ্ঠান ধারণের জন্য অনুষ্ঠানস্থলে বসানো হয়েছিল আলাদা বৈদ্যুতিক ট্রান্সফরমার। কয়েক হাজার আমন্ত্রিত দর্শক ছাড়াও বাইরে রাস্তায়, বিভিন্ন গাছের উপর এবং আশপাশে হাজার হাজার লোক ‘ইত্যাদি’ ধারণ উপভোগ করেন। শেকড় সন্ধানী ‘ইত্যাদি’র এই ধারণ অনুষ্ঠান চলে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত। রংপুর ছাড়াও কুড়িগ্রাম, লালমনিরহাট, গোবিন্দগঞ্জ, পীরগাছা, মিঠাপুকুর, দিনাজপুরসহ বিভিন্ন স্থান থেকেও অনেকে অনুষ্ঠান দেখতে আসেন। ফাগুন অডিও ভিশন জানায়, স্টুডিওর চার দেয়ালের বাইরে এসে সারাদেশকে দেখা এবং দেখানো, জানা এবং জানানোই আমাদের উদ্দেশ্য। ‘ইত্যাদি’র এবারের পর্ব বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ২৯ মার্চ রাত ৮টার বাংলা সংবাদের পর। ‘ইত্যাদি’র রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।