ব্রাজিলের একটি পার্বত্য এলাকায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ২৭ জনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার কর্তৃপক্ষ এ কথা জানায়। সরকারি কর্মকর্তারা জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এক হাজার ৪শ’ ৬৬ জন গৃহহীন হয়ে পড়েছে। রিওডিজানেরোর ৬৮ কিলোমিটার উত্তরে পেট্রোপলিসে রোববার রাতে প্রবল বর্ষণ শুরু হয় এবং এর ফলে সৃষ্ট ভূমিধসে এসব লোকের প্রাণহানি ঘটে।
স্থানীয় এক কর্মকর্তা জানান, এদের মধ্যে দু’জন উদ্ধারকর্মী রয়েছে। সরকারি এক বিবৃতিতে বলা হয়, দুর্যোগপূর্ণ এলাকার জনসাধারণকে সহযোগিতা করতে প্রায় আড়াইশ’ সৈন্য ও বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা পাঠানো হয়েছে। পেট্রোপলিস অঞ্চলে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
