অফিসে ফাঁকি ধরবে যন্ত্র
কর্মক্ষেত্রে আপনি কতটা মনোযোগী তারই খুঁটিনাটি এবার বসকে জানিয়ে দেবে আপনারই সর্বক্ষণের সাথীটি। কিন্তু চূড়ান্ত এই বিশ্বাসঘাতক আপনার কোনও সহকর্মী নয়। এটি একটি যন্ত্র, যার নাম কম্পিউটার। এই যন্ত্রটি আপনার কর্তাব্যক্তিকে অবগত করাবে আপনি কাজে ফাঁকি দিচ্ছেন কি না। দিলে তার পরিমাণ কত কিংবা আপনি গেম খেলে বা ইন্টারনেটে চ্যাট করে কতটা সময় কাটাচ্ছেন তার বিস্তারিত জানাবে যন্ত্রটি। যুক্তরাষ্ট্রের সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই প্রযুক্তিটির নাম রেখেছেন ‘ডিফ ডিসপ্লেজ’। তাদের দাবি, অভিনব এই প্রযুক্তি কর্মক্ষেত্রে উত্পাদন ক্ষমতা বাড়াবে, ভয় দেখিয়ে হলেও বাড়াবে কাজের প্রতি নিষ্ঠা।—আনন্দবাজার পত্রিকা
অতিক্ষুদ্র অণুজীবের সন্ধান
প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চের তলদেশে অতিক্ষুদ্র অণুজীবের সন্ধান পেয়েছে একদল বিজ্ঞানী। পরিবেশ ও ভূবিজ্ঞান বিষয়ক একটি জার্নালে এ তথ্য তুলে ধরেন গবেষকরা। এতদিন বিজ্ঞানীরা সাগরের তলদেশে গভীর গিরিখাতের মত প্রতিকূল স্থানে প্রাণ টিকে থাকতে পারে বলে শুধু ধারণা করে আসছিলেন। কিন্তু এ গবেষণায় প্রায় হিম তাপমাত্রায় প্রচন্ড চাপ এবং সম্পূর্ণ অন্ধকারে একটি প্রাণীদেহের বৃদ্ধি পাওয়ার প্রমাণ পাওয়া গেছে। এ জার্নালের অন্যতম লেখক ড. রবার্ট টার্নউইচ বলেছেন, সাগরের সবচেয়ে গভীরতম স্থানও মৃত্যুপুরী নয়।—বিবিসি
নকল বন্দুক নিয়ে তাণ্ডব
নকল বন্দুক নিয়ে এক মদ্যপ নয়াদিল্লীর ত্রিনগর বিধানসভা এলাকার বিধায়ক অনিল ভরদ্বাজের উপর চড়াও হয়। বিধায়কের অপরাধ ছিল তাকে ওই মদ্যপ ফোন করলে তিনি তা ধরেননি। এ ঘটনায় উত্তেজিত হয়ে মদ্যপ তাকে প্রাণে মারতে একটি খেলনা পিস্তল নিয়ে তার অফিসে গিয়ে আক্রমণ চালায়। এতে বিধায়ক অত্যন্ত ভয় পেয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ মদ্যপ রবীন্দ্র যাদবকে গ্রেফতার করে।—এএফপি
