সরাইলে পাঠদান চলে ঝুঁকিপূর্ণ ভবনে

আপডেট : ২০ মার্চ ২০১৩, ২১:১২
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের জিলুকদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চলছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভবনে। ভবনটি যে কোন সময় ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ঝুঁকিপূর্ণ ভবনের কারণে অনেকেই তাদের শিশু সন্তানদের দূরবর্তী বিদ্যালয়ে পাঠাতে বাধ্য হচ্ছেন। জানা যায়, ১৯৯৪ সালে স্বল্প ব্যয়ে এখানে চার কক্ষের একটি ভবন নির্মাণ করা হয়। ২০০৭ সালে স্থানীয় প্রকৌশল অধিদপ্তর ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করে। সরেজমিনে দেখা যায়, বারান্দার ছয়টি খুঁটির সবকটি ভেঙ্গে রড বের হয়ে গেছে। চারটি কক্ষের ছাদের ও দেয়ালের পলেস্তারা খসে পড়েছে। ভবনের বিভিন্ন অংশে ভাঙন ও ফাটল সৃষ্টি হয়েছে। বর্তমানে বিদ্যালয়টিতে চারজন শিক্ষক থাকলেও শিক্ষার্থী রয়েছে মাত্র ১৩০ জন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন সুলতানা বলেন, বাড়ি বাড়ি ঘুরে শিশুদেরকে বিদ্যালয়ে নিয়ে আসি, কিন্তু ভয়ে অভিভাবকরা তাদের শিশুদের নিয়ে যায়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.তৌফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙ্গে নতুন ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কয়েক দফা লিখিত আবেদন পাঠিয়েছি।