সিরাজদিখানে কালী পূজা

মেলায় লাখো মানুষের ঢল

আপডেট : ২০ মার্চ ২০১৩, ২১:১৫
প্রায় ৫ শ’ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় সিরাজদিখান উপজেলার শেখরনগরে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হলো কালী পূজা। প্রতিবছর চৈত্রমাসে এ পূজাকে কেন্দ্র করে দেশ-বিদেশের লাখো মানুষের ঢল নামে। পাঁঠা বলী দেয়া হয়েছে প্রায় দুই হাজার। কালী পূজা উপলক্ষে শেখরনগর মন্দির, শ্মশানঘাট এলাকায় সারারাত চলে ভক্তদের দেহতত্ত্ব, শ্যামা সঙ্গীত, ভক্তিগীতি গান। পাপ মোচন ও পুণ্য লাভের আসায় দেশ-বিদেশের বিভিন্ন এলাকা থেকে লক্ষ লক্ষ নারী-পুরুষ শেখরনগর মেলায় আসেন কালী মায়ের কাছে বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার আসায়। কালী পূজা উপলক্ষে সোমবার থেকে শুরু হয়েছে মেলা। চলবে আরো পনেরো দিন। মেলা কমিটির সদস্য শিক্ষক মো. রবিউল আউয়াল জানান, হিন্দু ধর্মীয় উত্সব হলেও সব সম্প্রদায়ের মানুষ আসেন এ মেলায়। সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ ও উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মদ মেলা পরিদর্শন করে মেলার নিরাপত্তার ব্যবস্থা করেন।