দেশে হরতাল, অবরোধসহ রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির পর ঝিনাইদহে বোমা-ককটেল তৈরির কারিগরদের কদর বেড়ে গেছে। বোমা ককটেলের ব্যবহারও বেড়েছে। খোঁজ নিয়ে জানা যায়, ঝিনাইদহে বোমা তৈরি ও বোমা মেরে মানুষ হত্যার প্রচলন করে চরমপন্থি সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (জনযুদ্ধ)। তাদের ক্যাডাররা বোমা তৈরিতে পারদর্শী। দলটি বর্তমানে নিষ্ক্রিয় হয়ে গেছে। তবে তাদের বোমা কারিগরদের অনেকেই জীবিত আছে। তাদের কাছ থেকে অন্যরা তৈরির কলাকৌশল শিখেছে। ঝিনাইদহ জেলাতে প্রায় ৫০ জন বোমার কারিগর আছে বলে জানা যায়। এরা বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় থেকে বোমা ককটেল তৈরি করে থাকে। বোমা তৈরির বিস্ফোরক আমাদের দেশে হয় না। এ বিস্ফোরক ও অন্য উপকরণ সংগ্রহ করে আন্ডার গ্রাউন্ড উত্স থেকে। তারপর নির্দিষ্ট পরিমাণে মিশিয়ে তৈরি করা হয় বোমা। বোমার শক্তির উপর দাম নির্ভর করে। কম ক্ষমতা সম্পন্ন বোমাকে বলা হয় ককটেল। ৫শ’ টাকায় মিলে একটি ককটেল। ১২শ’ দিলে পাওয়া যায় শক্তিশালী বোমা।
