গত ৮-১-২০১৩ তারিখে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ ও মাদ্রাসা)-এর তৃতীয় ও চতুর্থ শ্রেণি কর্মচারীদের চাকরি বিধিমালা-২০১২ প্রজ্ঞাপন আকারে জারি করা হয়েছে। তাতে সহকারী গ্রন্থাগারিক, অফিস সহকারী কাম-হিসাব সহকারী, নিম্নমান সহকারী কাম-কম্পিউটার অপারেটর, এমএলএসএস, আয়া ইত্যাদি পদে প্রার্থীর বয়স সরকারি চাকরি বিধি অনুরূপ ৩০ বছর, বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য নির্ধারণ করা হয়েছে। কিন্তু সরকারি চাকরি বিধি অনুযায়ী মুক্তিযোদ্ধা বা তার সন্তান বা মুক্তিযোদ্ধার সন্তানের জন্য বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য এ বিধি মানা হয়নি। যা পরিবর্তন করা জরুরি। এ বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
কৃষিবিদ মো. সুলতান মাহমুদ,
প্রভাষক, কৃষি বিজ্ঞান বিভাগ,
ধামইরহাট এমএম ডিগ্রি কলেজ,
ধামইরহাট, নওগাঁ
