সরকার বিচার বিভাগ ও আইনের অপব্যবহার করছে : মির্জা ফখরুল

আপডেট : ২০ মার্চ ২০১৩, ২২:০২
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার বিচার বিভাগ ও আইনের অপব্যবহার করছে। এ কারণেই বিএনপির ১৫১ জন নেতাকর্মীকে মিথ্যা মামলায় মুক্তি না দিয়ে রিমান্ডে নেয়া হয়েছে। গতকাল বুধবার বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে নিয়ে রাজধানীর শেরে বাংলানগরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে তিনি একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রী ও তার মন্ত্রীরা মুখে আইনের শাসনের কথা বললেও তারা এর অপব্যবহার করছেন। তিনি বলেন, বিচার বিভাগের ওপর সরকারের হস্তক্ষেপ ও অপব্যবহারের কারণে বিএনপির ১৫১ জন নেতাকর্মীকে রিমান্ডে নেয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাংবাদিকদের সংশ্লিষ্ট প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্দোলনের নতুন কর্মসূচি শিগগিরই ঘোষণা করা হবে।