জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি বৈঠকে সংসদ সদস্যসহ যেসব ব্যক্তি রাজউকের একাধিক প্লট গ্রহণ করেছেন তাদের বিরুদ্ধে রাজউকের গৃহীত পদক্ষেপ জনসমক্ষে প্রকাশ করার সুপারিশ করা হয়েছে। সংসদ ভবনে সরকারি প্রতিষ্ঠান কমিটির ৭৮তম বৈঠকে গতকাল এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি এবিএম গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সদস্য ড. এটিআইএম ফজলে বারি চৌধুরী, খান টিপু সুলতান, এসকে আবু বাকের এবং আমিনা আহমেদ অংশগ্রহণ করেন। বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন রাজউকের ওপর পূর্ববর্তী বৈঠকে বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা এবং রাজউক সুষ্ঠু ও বিচক্ষণ বাণিজ্যিক নীতি ও নিয়ম-কানুন অনুযায়ী পরিচালিত হচ্ছে কি-না সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এতে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পূর্ববর্তী বৈঠকে সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা এবং বিএসইসি সুষ্ঠু ও বিচক্ষণ বাণিজ্যিক নীতি ও নিয়ম-কানুন অনুযায়ী পরিচালিত হচ্ছে কি-না এবং বিএসইসির বর্তমান সমস্যাদি নিয়ে আলোচনা করা হয়। এতে শেয়ারবাজারকে গতিশীল করতে এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারীরা যাতে শেয়ারবাজারে বিনিয়োগ করতে উত্সাহিত হন সে ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়ার সুপারিশ করা হয়।
