আশুগঞ্জ খড়িয়ালা গ্রামে মসজিদের ইমাম নিয়ে দুই দলের সংঘর্ষ আহত ৩০

আপডেট : ২০ মার্চ ২০১৩, ২২:১৮
আশুগঞ্জ উপজেলার খড়িয়ালা বাসস্ট্যান্ডের মসজিদের ইমাম নিয়ে গত মঙ্গলবার রাতে দুই দলের সংঘর্ষে উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে আহত ১০ জনের অবস্থা আশংকাজনক। আহতদের জেলা সদর হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৮ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, উপজেলার খড়িয়ালা গ্রামের বাসস্ট্যান্ডের মসজিদের ইমাম সুন্নি না তাবলিগ জামাতের—এ নিয়ে গত মঙ্গলবার রাতে খড়িয়ালা গ্রামের বুলি মাহমুদের বাড়ি ও স্থানীয় চেয়ারম্যান মো. জিয়াউল হক মাস্টারের বাড়ির লোকজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে এই দুই বাড়ির প্রায় এক হাজারের বেশি মানুষ দেশি অস্ত্র নিয়ে মহাসড়কের উপর সংঘর্ষে নেমে পড়ে। এতে উভয়পক্ষের ৩০ জন লোক আহত হন। সংঘর্ষ চলাকালে খড়িয়ালা বাসস্ট্যান্ড বাজারের ১০/১২টি দোকান ভাংচুর এবং দোকানের মালামাল লুটপাট করে মহাসড়কের উপর আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। খবর পেয়ে আশুগঞ্জ ও সরাইল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ যৌথভাবে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ জানায়, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। থানায় দুই পক্ষই অভিযোগ দায়ের করেছে।