বেনাপোলে উদ্বোধন হয়েছে ডিউটি-ফ্রি শপ ‘এম্পেরিয়াম’-এর। গতকাল বুধবার দুপুরে বেনাপোল কাস্টমসের কমিশনার মাসুদুল কবীর এই শপের উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে বিদেশি যাত্রীদের চেকপোস্টের সব রকম সুবিধা প্রাপ্তির পথ সুগম হলো। পূরণ হলো বেনাপোলবাসীর দীর্ঘদিনের দাবি। বেনাপোল দিয়ে প্রতিদিন যাতায়াতকারীর সংখ্যা দেড় হাজারেরও বেশি। এর মধ্যে ভারতীয়সহ দেড় শতাধিক বিদেশি যাত্রী রয়েছেন। তারা ভারত-বাংলাদেশে যাতায়াতের পথে ডলারের বিনিময়ে এখান থেকে কেনাকাটা করতে পারবেন।
‘এম্পেরিয়াম’-এর ব্যবস্থাপনা পরিচালক অলক কুমার দাস জানান, তার প্রতিষ্ঠান ফ্রোজেন ফুডসহ অন্যান্য খাদ্য, টয়লেট্রিজ, সিগারেট, এলকোহলের ২ হাজারেরও বেশি সামগ্রি আমদানি করে এখানে বিক্রি করবে। বেনাপোল চেকপোস্টের সহকারী কমিশনার অনুপম চাকমা বলেন, এই শপের মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়বে। বাংলাদেশ-ভারত আমদানি-রফতানি সাব-কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, এই শপ চালু করা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল।
