ইসরাইলে দুই দিনের সফরে ওবামা

আপডেট : ২০ মার্চ ২০১৩, ২২:২০
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল বুধবার দুদিনের সফরে ইসরাইল পৌঁছেছেন। এ সময় তিনি ইসরাইলকে পবিত্র ভূমি উল্লেখ করে বলেন, এই ভূমিতে অবশ্যই শান্তি আসবে। খবর নিউইয়র্ক টাইমস ও রয়টার্সের। প্রেসিডেন্ট হিসেবে ইসরাইলে এটাই ওবামার প্রথম সফর। মার্কিন বিমানবাহিনীর একটি বিমানে করে তেল আবিব পৌঁছান ওবামা। বেন গুরিয়ন ইন্টারন্যাশনাল বিমানবন্দরে তাকে স্বাগত জানান দেশটির প্রেসিডেন্ট শিমন পেরেজ ও প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র হতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত। তিনি ইসরাইলের প্রতি তার দেশের সমর্থনের বিষয়টি আবারো উল্লেখ করেন। তিনি বলেন, এই সফর দুইদেশের মধ্যকার সম্পর্ককে আরো দৃঢ় করবে। গতকাল নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ওবামা। আজ বৃহস্পতিবার তিনি রামাল্লা সফর করবেন। এ সময় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার।