বিশ্বনাথে জামায়াত কর্মী নিহতের ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেয়ার আল্টিমেটাম বেঁধে দিয়েছে জামায়াত। ব্যবস্থা নেয়া না হলে রবিবার আবারো সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষাণা দিয়েছে তারা। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় সিলেট মহানগর জামায়াতের এক বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা সংবাদ মাধ্যমে জানানো হয়। এদিকে, নিহত জামায়াত কর্মী গোলাম রব্বানীর লাশ ওসমানী হাসপাতালে রাখা হয়েছে। আর দুই জন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে কড়া পুলিশ প্রহরায় চিকিত্সাধীন রয়েছে। সিলেট মহানগর জামায়াতের আমীর অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের মুক্তির দাবিতে ডাকা হরতালের সমর্থনে আজ সকাল ৮টার দিকে সিলেটের বিশ্বনাথ উপজেলার কলেজ রোডে জামায়াত একটি মিছিল বের করলে পুলিশের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান জামায়াত কর্মী গোলাম রব্বানী।
সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী ফখরুল ইসলাম জানিয়েছেন, বিশ্বনাথে জামায়াতের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলি বর্ষণের সাথে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে তা করা না হলে রবিবারও সিলেট বিভাগে হরতাল পালন করা হবে।
