কুলাউড়া উপজেলার ছকাপন ও বরমচাল রেলস্টেশনের মধ্যবর্তী স্থানে আনফানাই সেতুর কাছে উপবন ট্রেনের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে কুলাউড়া রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার কেফায়েতুল্লাহ ও ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী আলী আজমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে নাশকতায় জড়িত সন্দেহে গতকাল বুধবার বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের আরো ৪ জনকে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ। গ্রেফতারকৃৃতরা হলো শফিকুল ইসলাম (২২), করিম (২৮), দেলওয়ার হোসেন (৩১) ও ফাহিম (১৯)। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ সেলিম নেওয়াজ বলেন, হরতাল পালনের অংশ হিসাবে ছকাপনে রেললাইন উপড়ে ফেলার সাথে জড়িত থাকার সন্দেহে জামায়াত-শিবিরের আরো ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
