পাকিস্তানে জাতীয় নির্বাচন ১১মে

আপডেট : ২০ মার্চ ২০১৩, ২২:২৭
পাকিস্তানে আগামী ১১ মে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি গতকাল বুধবার এ তারিখ ঘোষণা করেছেন। এদিকে নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে এখনো কোনো সমাধানে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো। খবর ডন-এর। প্রেসিডেন্টের মুখপাত্র ফারহাতুল্লাহ বাবর জানিয়েছেন, সরকার প্রেসিডেন্টের কাছে একটি সারসংসক্ষেপ পাঠিয়েছে যাতে নির্বাচনের একটি সুবিধামতো তারিখ ঘোষণা করতে বলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট আগামী ১১ মে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেন। দেশটির চারটি প্রদেশের নির্বাচনও অনুষ্ঠিত হবে। তবে সেগুলো ১১ মে অনুষ্ঠিত হবে কিনা সেই বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। দেশটির তত্ত্বাবধায়ক সরকার প্রধান নির্বাচনে রাজনিতক দলগুলো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর মঙ্গলবার আট সদস্যের একটি সংসদীয় কমিটি গঠিত হয়। গতকাল কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। দেশটির সংবিধান অনুযায়ী, তিন দিনের মধ্যে এই কমিটিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে একজনের নাম চূড়ান্ত করতে হবে। কমিটি কোনো সমাধানে আসতে না পারলে এর দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর বর্তাবে। নির্বাচন কমিশন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) কাছ থেকে নেয়া চারজনের নাম থেকে যেকোনো একজনকে ওই পদে নিয়োগের জন্য চূড়ান্ত করবে।