হরতালে সাংবাদিকদের গাড়িতে হামলার নিন্দা

আপডেট : ২০ মার্চ ২০১৩, ২২:৩৭
হরতাল চলাকালে দেশব্যাপী পেশাগত দায়িত্বে কর্তব্যরত সাংবাদিক ও সংবাদপত্র বহনকারী গাড়িতে পিকেটারদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশের শীর্ষ সাংবাদিক সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতৃবৃন্দ। বিবৃতিতে স্বাক্ষর করেন বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও মহাসচিব আবদুল জলিল ভুঁইয়া, ডিইউজের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক শাবান মাহমুদ। নেতৃবৃন্দ বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি বিভিন্ন দলের ডাকা চলমান হরতালে সাধারণ মানুষের পাশাপাশি গণমাধ্যমের কর্মীরাও পিকেটার নামধারী এক শ্রেণীর সন্ত্রাসীদের হামলার শিকার হচ্ছেন যা কোনভাবেই গণতান্ত্রিক সমাজে কাম্য নয়। নেতৃবৃন্দ বলেন, কেবলমাত্র সাংবাদিকই নয়, কর্তব্যরত চিকিত্সকদের যানবাহন লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ ও হামলা করা হচ্ছে। হরতাল গণতান্ত্রিক অধিকার হলেও সাম্প্রতিক হরতালে যেভাবে দেশের সাংবাদিক, চিকিত্সকসহ সাধারণ মানুষের যানবাহনে হামলা, আগুন দিয়ে পোড়ানোসহ, ককটেল ও বোমা বিস্ফোরণ করা হয়েছে তা সমাজের বিবেকবান মানুষকে রীতিমতো হতাশ করেছে। বিবৃতিতে নেতৃবৃন্দ হরতালের নামে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড ও হামলা বন্ধের জন্য সকল রাজনৈতিক দলের প্রতি উদাত্ত আহ্বান জানান।