আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর মহাসচিব আল্লামা সৈয়দ মছিহুদ্দৌল্লাহ বলেছেন, মুফতি আহমদ শফী সাহেবের ব্যাপারে সুন্নি ওলামায়ে কেরাম মুখ খুললে তার আসল গোমর ফাঁস হয়ে যাবে। আজ তিনি খোদাদ্রোহী ও নবীর শানে আঘাতকারী অনলাইনের ব্লগারদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের নামে তৌহিদী জনতার নাম ভাঙিয়ে সহিংস আন্দোলন শুরু করেছেন। এটি নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে হলে আমাদের আপত্তি নেই। কিন্তু হেফাজতে ইসলামের কর্মীরা যুদ্ধাপরাধে অভিযুক্ত ভন্ড মুফাসসির ও নবী-অলীর শানের অহরহ কটুক্তিকারী দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি দাবি করে যখন স্লোগান দেয়, তখন মনে সন্দেহ জাগে। তৌহিদী জনতার নামে জঙ্গি মিছিল করে যখন দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, প্রেসক্লাব, শহীদ মিনারে হামলা এবং জাতীয় পতাকায় আগুন দেয়া হয় তখন হেফাজতের প্রকৃত চরিত্র প্রকাশ হয়ে যায়।
গতকাল এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ৭১-এ মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসাসহ কয়েকটি কওমী মাদ্রাসার আলেমদের নেতৃত্বে মুজাহিদ বাহিনী গঠন করা হয়েছিল। তারা এদেশের নিরীহ মানুষকে হত্যা, নির্যাতন ও লুটপাট চালিয়েছিল।
তিনি বলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন দৈনিক সংগ্রাম, চট্টগ্রামের দৈনিক আজাদী এবং পরবর্তী স্বাধীনতার দলিলপত্র ও ইতিহাসগ্রন্থ সমূহ পড়লেই দেশবাসী স্পষ্ট বলতে পারবে মুজাহিদ বাহিনীর নেতৃত্বে কারা ছিলেন। বিবৃতিতে স্বাক্ষরকারী ওলামা-মাশায়েখগণ বলেন, আহলে সুন্নাত ওয়াল জামা’আত একমাত্র ইসলামের সঠিক রূপরেখা ও ইসলামের মূল দর্শনে বিশ্বাসী। আল্লাহ ও রাসূল (সা.) এর ওপর বিশ্বাস ও আস্থা রেখে শত বাধা-বিপত্তির মধ্যেও সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছে সুন্নি ওলামা-মাশায়েখগণ।
