বই আলোচনা

পদ্মাপঞ্জি

আপডেট : ২১ মার্চ ২০১৩, ১৮:৩৮
পদ্মা সেতু :পর্দার অন্তরালে মিজান মালিক প্রথম প্রকাশ:ফেব্রুয়ারি ২০১৩, প্রকাশক :শ্রাবণ প্রকাশনী, প্রচ্ছদ :সুমন রহমান ও বাহারুল ইসলাম মূল্য : ৩০০ টাকা পদ্মা সেতুর প্রত্যাশা আজকের নয়। শুধু দেশের দক্ষিণ ও দক্ষিণ-পঞ্চিমাঞ্চলের মানুষ এ সেতু তৈরির জন্য দাবিই নয়, সমগ্র দেশবাসীর এ বিষয়ে তৈরি হয়েছে নানা কৌতূহল। মানুষের প্রত্যাশার বিষয়টি সামনে রেখে বিগত আওয়ামী লীগ ও বিএনপি সরকার অঙ্গীকার করেছিল সেতু তৈরি হবে। সর্বশেষ বর্তমান মহাজোট সরকারের নির্বাচনী অঙ্গীকারের মধ্যে ছিল সেতু তৈরির বিষয়টি। কিন্তু সেতু তৈরির আগেই ঘটে গেছে নানা ঘটনা। এ নিয়ে সর্বত্র চায়ের কাপে ঝড়। ঝড় গণমাধ্যমে। সেতুর সাথে জড়িতদের রচনা ও পরিচালনায় চলছে একের পর এক নিত্য নতুন নাটক। সবার প্রশ্ন—পর্দার অন্তরালে আসলে কী ঘটেছিল? কার কারণে বিশ্বব্যাংক ঋণ চুক্তি বাতিল করল? কাদের হাতের তুলিতে কীভাবে রচিত হয়েছিল ওই নীলনকশা? এ ঘটনায় বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগই বা কতটা সত্য? তদন্তে দুদক কী পেয়েছে? জিজ্ঞাসাবাদে আবুল হোসেনসহ অন্যান্য আলোচিত কর্তা-ব্যক্তিরা কী বলেছেন?... এসব প্রশ্ন সামনে রেখে, পর্দার অন্তরালের এইসব কাহিনি নিয়ে সাংবাদিক মিজান মালিকের অনবদ্য বই ‘পদ্মা সেতু: পর্দার অন্তরালে’ অনুসন্ধানমূলক তথ্যভিত্তিক গ্রন্থ। আর এ নিয়ে অনুসন্ধানমূলক গ্রন্থ এটাই প্রথম। বইটির শুরতেই রয়েছে ‘পদ্মা কালপঞ্জি’ শিরোনামের পদ্মা সেতু সংক্রান্ত বিচিত্র ঘটনার কালানুগ সংক্ষিপ্ত বর্ণনা। তারপর ৩৪ টি বিভিন্ন শিরোনামের পরিচ্ছদে তুলে ধরা হয়েছে এর আদ্যোপান্ত। সহজ ও প্রাঞ্জল ভাষায় সুলিখিত প্রাসঙ্গিক ছবি সম্বলিত এই বইয়ের সবচেয়ে আকষর্ণীয় অংশ অনুসন্ধানমূলক কিছু তথ্য, মামলার সুপারিশসহ দুদকের পুরো প্রতিবেদন, বিশ্বব্যাংকের রেফারেন্স চিঠি, দুদকের কাছে দেওয়া সাবেক যোগযোগমন্ত্রী আবুল হোসেনের ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধরীসহ বেশ কয়েকজন আলোচিত চরিত্রের জবানবন্দি। বইয়ে একইসঙ্গে সংযোজিত হয়েছে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড.মসিউর রহমান, নিক্সন চৌধুরী, সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া, প্রকল্প পরিচালক রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট অনেকের জবানবন্দি। কৌতূহলী পাঠকের কাছে বইটি সমাদৃত হবে নিশ্চয়।