টোকিও থেকে সম্মাননা নিয়ে ফিরলেন কুমার বিশ্বজিত্

আপডেট : ২১ মার্চ ২০১৩, ১৯:৫১
জাপানের রাজধানী টোকিওতে গত ১৭ মার্চ মহাসাড়ম্বরে অনুষ্ঠিত হলো দশদিক মিডিয়া অ্যাওয়ার্ড- ২০১২। সেখানে মিডিয়া অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে তারা কয়েকজন গুণীজনকে পুরস্কার প্রদান করেছে। এ অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশ থেকে কুমার বিশ্বজিত্, এসআই টুটুল, কণা, আবু হেনা রনি, আলিফ, লিজা, সাব্বিরসহ মোট ১৩ জন শিল্পী জাপান সফর শেষে ১৯ মার্চ রাতে ঢাকা পৌঁছেন। অনুষ্ঠানে মোট ১০ জন জাপানি, বাংলাদেশি ও প্রবাসী বাংলাদেশিদেরকে পুরস্কার প্রদান করা হয়। যে যে বিষয়ে এবং যে দশ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই বিশেষ সম্মননা প্রদান করা হলো তারা হলেন—কুমার বিশ্বজিত্ (বাংলা আধুনিক সংগীতে বিশেষ অবদান), সাংবাদিক কাজুহিরো ওয়াতানাবে (বাংলা ভাষায় গণ-সাংবাদিকতা ও গবেষণার মধ্য দিয়ে বিশেষ অবদান), প্রফেসর কিউকো নিউয়া (বিদেশি হিসেবে বাংলা সাহিত্যে অবদান), প্রবাসী লেখক আব্দুর রহমান (সাহিত্যে), তাকেও উজাওয়া (বাংলাদেশ ও জাপানের বন্ধুত্বকে গানের মাধ্যমে জোরদার করায়), নীলাঞ্জনা দত্ত ছুটি (প্রবাসী সংগীতশিল্পী হিসেবে) বিশেষ সম্মাননা পেয়ে কুমার বিশ্বজিত্ তার মন্তব্যে বলেন, ‘তাদের অনুষ্ঠানের ব্যবস্থাপনা ছিল দেখার মতো, অনেক দিন পর ভালো লাগল বিদেশে প্রোগ্রাম করে। অনুষ্ঠানের প্রধান ব্যবস্থাপক গোলাম মাসুম জিকো ও আয়োজক কোম্পানির প্রেসিডেন্ট সানাউল হক দুজনার প্রতিই অশেষ কৃতজ্ঞতা জানাই দেশের বাইরে থেকেও জাপানে এইভাবে প্রতিবছর একটুকরো বাংলাদেশকে উপস্থাপন করার জন্য। সত্যিই এত চমত্কার আয়োজন হবে ভাবিনি।’ উল্লেখ্য, পুরো অনুষ্ঠানের আয়োজনে ছিল দশদিক মিডিয়া।