১৯৯৩ সালে ভারতের মুম্বাইয়ে ভয়াবহ বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের ৬ বছরের কারাদণ্ড কমিয়ে ৫ বছর কারাভোগের রায় দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। ওই ঘটনায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইয়াকুব মেমোনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে দেশটির সর্বোচ্চ আদালত। পাশাপাশি অন্য ১০ জনের মৃত্যুদণ্ডাদেশ কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
২০ বছর আগে ১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইয়ে দুপুর ১টা ৩৩ মিনিট থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত শক্তিশালী ১২টি বোমা বিস্ফোরিত হয়। ভয়াবহ ওই বোমা হামলায় ২৫৭ জন মানুষ নিহত ও ৭১৩ জন আহত হয়। ওই হামলায় প্রায় ২৭ কোটি রূপি সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়। এই সন্ত্রাসী ঘটনায় আদালত ১১ জনকে মৃত্যুদণ্ড ও ২২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। পাশাপাশি জড়িত অন্যদের ১ লাখ রূপি জরিমানা এবং ১০ থেকে ৩ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে দেয়া হয়েছিল ৬ বছরের কারাদণ্ড। ইতোমধ্যে মুম্বাই বোমা হামলার ঘটনায় ১৬ মাস কারাভোগ করেন সঞ্জয়। তবে উচ্চ আদালতে জামিন পেয়ে বর্তমানে মুক্ত জীবনযাপন করলেও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে যেতেই হচ্ছে। তাকে ৪ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে আদালত। অচিরেই তিনি সাজাভোগের জন্য আত্মসমর্পণ করবেন বলে জানা গেছে। বলিউডের সাড়া জাগানো অভিনেতা সুনীল দত্ত ও অভিনেত্রী নার্গিসের সন্তান সঞ্জয় দত্ত নিজেও খ্যাতিমান অভিনেতা।
