আফগানিস্তানে আমেরিকা যে সমস্যাগুলোর মুখে পড়ছে তার অধিকাংশেরই ভিত্তিভূমি হলো পাকিস্তান। এমনই দাবি করলেন মার্কিন কংগ্রেসের প্রভাবশালী সদস্য ডানা রোহরাবাখের। তিনি বলেন, আমেরিকা বর্তমানে ভারতের বন্ধু আর পাকিস্তানের শত্রু।— খবর বর্তমান পত্রিকার।
রোহরাবাখের বলেন, গত ২০ বছরে পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। পাকিস্তান আর আমাদের সহযোগী নয়। আবার ভারতও এখন আর সোভিয়েত ইউনিয়নের সহযোগী নয়। বর্তমান পরিস্থিতিতে আমরা ভারতের সহযোগী আর পাকিস্তানের শত্রু। মার্কিন কংগ্রেসের এই সদস্যের অভিযোগ, এমনটা নয় যে আমরা পাকিস্তানকে শত্রু হিসাবে ঘোষণা করছি। বরং পাকিস্তান নিজেই আমেরিকাকে তাদের শত্রু হিসাবে প্রমাণ করছে।
২০১১ সালের ২ মে আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের বিরুদ্ধে অভিযানে আমেরিকাকে সাহায্য করেছিলেন শাকিল আফ্রিদি নামে পাকিস্তানের এক চিকিত্সক। কিন্তু তার জন্য আফ্রিদিকে গ্রেপ্তার করে পাকিস্তান। এই প্রসঙ্গ টেনে এনে রোহরাবাখের বলেন, ওসামা বিন লাদেনের মতো একজন সন্ত্রাসবাদী, যে ৩ হাজার মানুষকে হত্যা করেছে তাকে নিরাপদ আশ্রয় দিয়েছিল পাকিস্তান। সেই খুনির বিচারের কাজে যে ব্যক্তি আমাদের সাহায্য করলেন তাঁকে গ্রেপ্তার করল ইসলামাবাদ। শত্রু ছাড়া এই কাজ অন্য কেউ করতে পারে না। এই মুহূর্তে আমাদের উপলব্ধি হলো- আফগানিস্তানে আমাদের বহু সমস্যার উত্স হল পাকিস্তান।
