ফুটবলপ্রেমী জিনপিং
উদ্যোক্তা হিসাবে ২০১৪ সালে বিশ্বকাপে ঘরের মাঠে খেলার সুবিধা পাবে ব্রাজিল। জিততেও পারে বিশ্বকাপ। তাই আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলেন চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং। শি শুধু ফুটবলের ভক্ত নন। নিজেও এর আগে ফুটবল ও ভলিবল খেলতেন। ব্রিকস দেশগুলোর সাংবাদিকদের বুধবার তিনি জানান, আমার নানা রকম হবি আছে । বিশেষ করে বই পড়া আমার জীবনের সঙ্গে মিশে গেছে। নানা ব্যস্ততার মধ্যে অবসর খুব একটা পাই না। তবে যেটুকু পাই তা পরিবারের সঙ্গে কাটাই।—এএফপি
নিলামে ডায়ানার পোশাক
ব্রিটেনের প্রয়াত রানি ডায়ানার ব্যবহূত পোশাক নিলামে দাম উঠেছে ৮ লাখ ৬৩ হাজার পাউন্ডে। এই পোশাকের পসরায় ছিল মূলত তার স্মরণীয় ইভেনিং গাউনগুলো। এরকমই একটি গাউন পরে তিনি হোয়াইট হাউসের ডিনার পার্টিতে হলিউড স্টার জন ট্রাভোল্টারের সঙ্গে নেচেছিলেন। এই পোশাকটির দাম উঠেছে ২ লাখ ৪০ হাজার পাউন্ড। নিলামে উঠেছিল ১৯৯২ সালে ভারত সফরকালে তার ব্যবহূত একটি পোশাকও। এর দাম উঠেছে ৬৬ হাজার পাউন্ডে। লন্ডনের এই নিলামে রাখা হয়েছিল তার মোট ১০টি পোশাক। এর আয়োজনে ছিলেন কেরি টেলর। তিনি জানান, হোয়াইট হাউসে ডায়ানার নাচের পোশাকটি কিনেছেন ব্রিটিশ এক ভদ্রলোক। এটি তিনি তার স্ত্রীকে উপহার দেয়ার জন্য কিনেছেন।—পিটিআই
শতাব্দীর আশঙ্কা
ভারতে সংসদে সদ্য পাস হওয়া যৌন নির্যাতন প্রতিরোধ বিলকে স্বাগত জানালেও নারীরা যাতে ওই বিলের বিভিন্ন ধারার অপব্যবহার না করেন, তার জন্য আবেদন জানালেন তৃণমূল এমপি ও চলচ্চিত্র অভিনেত্রী শতাব্দী রায়। দিল্লির সেই বহুল আলোচিত গণধর্ষণ ঘটনার পর সব মহল থেকে চাপ আসায় নারীদের সুরক্ষায় কড়া আইন প্রণয়নের পরিকল্পনা নেয় মনমোহন সিং সরকার। সরকারের ওই উদ্যোগকে সমর্থন জানায় সব দলই। কিন্তু ওই বিলে এমন কিছু ধারা রয়েছে যা বাস্তবে অপব্যবহার হওয়ার আশঙ্কা রয়েছে বলেই মনে করেন শতাব্দী। তিনি বলেন, এর অপব্যবহার হলে আগামীতে নারী-পুরুষের মধ্যে ভালবাসার সম্পর্ক হবে না। তারা ভয়ে নারীর কাছে ঘেঁষবে না।—আনন্দবাজার পত্রিকা
সাসপেন্ড ৫ বিধায়ক
ভারতের মহারাষ্ট্র বিধানসভায় পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে মঙ্গলবার পাঁচ বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। জানা যায়, সোমবার বাসাইয়ের বিধায়ক ক্ষিতীশ ঠাকুরের গাড়ি আটকান সচিন সূর্যবংশী নামে এক পুলিশ। জোরে গাড়ি চালানোর অপরাধে তার জরিমানা করা হয়। পরদিন অধিবেশন চলাকালে বিধানসভার দর্শক আসনে বিধায়ক ওই পুলিশকে দেখে ক্ষিপ্ত হয়ে উঠেন। এ সময় বিধায়কসহ আরো কয়েকজন ওই পুলিশকে মারধর করে। এ ঘটনায় থানায় মামলা হলে পরে ওই পাঁচ বিধায়ককে সাসপেন্ড করা হয়।—এএফপি
