দীর্ঘ সাত মাস ধরে বিকল হয়ে পড়ে রয়েছে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এক্স-রে মেশিনটি। এ কারণে উপজেলার দরিদ্র জনগোষ্ঠীর লোকজন চিকিত্সাসেবা নিতে এসেও প্রয়োজনীয় এক্স-রে সেবা পাচ্ছে না। এক্স-রে মেশিনটি বিকল থাকায় এবং কাজ না থাকায় কর্মরত রেডিওলজিস্টকে বসিয়ে বসিয়ে বেতন নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। গত বুধবার সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, বহির্বিভাগ ও অন্তঃবিভাগে পর্যাপ্ত রোগী চিকিত্সা নিতে আসলেও প্রয়োজনীয় প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষাসহ এক্স-রে সুবিধা পাচ্ছে না। বাধ্য হয়ে শহরের বিভিন্ন প্যাথলজি থেকে ঐসব পরীক্ষা-নিরীক্ষাসহ এক্স-রে করতে হচ্ছে রোগীদের। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত বছরের ২৫ আগস্ট এক্স-রে মেশিনের রেজুলেশন নষ্ট হয়ে যাওয়ার কারণে তখন থেকে এক্স-রে মেশিনটি বিকল হয়ে পড়ে রয়েছে। এক্স-রে মেশিনটি বিকল থাকায় অলস সময় কাটাতে হচ্ছে রেডিওলস্টকে। একই অবস্থা প্যাথলজিক্যাল ল্যাবেরও।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডা. ডিএস মাহফুজুল হক বলেন, এক্সরে মেশিনটির রেজুলেন নষ্ট হওয়ার পর থেকেই সেটিকে মেরামত করার জন্য স্বাস্থ্য বিভাগের সিএমএসডিতে লিখিতভাবে ছয়বার চিঠি দেয়া হয়েছে। কিন্তু কোন কাজ হচ্ছে না। সর্বশেষ চিঠি দেয়া হয়েছে গত রবিবার।
