টঙ্গীতে ছিনতাই হওয়া বাস চট্টগ্রামে উদ্ধার

আপডেট : ২১ মার্চ ২০১৩, ২১:৪৮
টঙ্গী থেকে ছিনতাই হওয়া বাস চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত বাসটি ঢাকা-নেত্রকোনা রোডে চলাচলকারী নাবিল জয় পরিবহনের বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার গভীর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর এরশাদনগর এলাকার এশিয়া ফিলিং স্টেশনের সামনে থেকে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে ড্রাইভার ও হেল্পারকে জিম্মি করে বাসটি ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় টঙ্গী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার বাদী কাজী সফিক উদ্দিন জানান, ছিনতাইকারীরা পরিকল্পিতভাবে তাদের বাসটি ছিনিয়ে নিতে সক্ষম হয়। চট্টগ্রামের এক পরিবহন নেতার তথ্যের ভিত্তিতে আমরা বাসটি উদ্ধার করতে পারি। মঙ্গলবার রাতে টঙ্গী মডেল থানার এসআই মনির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরের চান্দনাইশ থানার নিকটস্থ সৈয়দ আলীর গ্যারেজ থেকে পরিত্যক্ত অবস্থায় বাসটি উদ্ধার করেন। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।