ব্রাহ্মণবাড়িয়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার দুপক্ষের মধ্যে সংঘর্ষে শিশু-নারীসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। এ সময় দোকানপাটসহ ১২টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। সংঘর্ষ চলাকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে। মহাসড়কের উভয়পাশে সৃষ্টি হয় তীব্র যানজট।
জানা যায়, গতকাল সকালে সদর উপজেলার নন্দনপুরে আব্দুল হকের জমিতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে হেলাল মেম্বারের লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয় হিরা মিয়ার লোকজনের। এর জের ধরে উভয়পক্ষের লোকজন রামদা, বল্লম, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয়পক্ষের শিশু-নারীসহ কমপক্ষে ৫০ জন আহত হয়।
সংঘর্ষ চলাকালে দোকানপাটসহ ১২ বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। খবর পেয়ে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে কমপক্ষে ১৫ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। আটক করা হয় সাতজনকে।
