রাজধানীর বাড্ডার দক্ষিণ আনন্দনগর থেকে এক আইনজীবীর লাশ পুলিশ উদ্ধার করেছে। নিহতের নাম জি এম গিয়াসউদ্দিন কাজল (২৮)। তিনি ঢাকা জজকোর্টের আইনজীবী ও ঢাকা বারের সদস্য। বাড্ডা থানার এসআই সৈয়দ আল-মামুন দক্ষিণ আনন্দনগরের সুফিয়া বেগমের দোতলা বাড়ির নিচতলায় নিজামউদ্দিনের ভাড়া বাসা থেকে গতকাল বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ধারণা করছে, হাতুড়ি দিয়ে তাকে খুন করা হয়েছে।
নিহতের আত্মীয় মোহাম্মদ তুহিন জানান, নিহত গিয়াসউদ্দিন কাজলের বাবার নাম ওমির আলী গাজী। বাড়ি খুলনার পাইকগাছায়। তিনি বাড্ডার দক্ষিণ আনন্দনগরের সুফিয়া বেগমের দোতলা বাসার নিচতলায় নিজামউদ্দিনের ভাড়া বাসায় সাবলেট থাকতেন। তার মোবাইল ফোন গতকাল সকালে বন্ধ পাওয়ার পর পুলিশকে খবর দেয়া হয়। তিনি আরো জানান, বাড়ির ভাড়াটিয়া নিজামকে গিয়াস ব্যবসার জন্য আড়াই লাখ টাকা ধার দিয়েছিলেন। এই টাকা নিজাম ফেরত দেননি। এ নিয়ে তাদের মধ্যে গত এক সপ্তাহ ধরে কথা কাটাকাটি চলছিল।
বাড্ডা থানা পুলিশ জানায়, পুলিশ ঘরের দরজার ছিটকিনি খুলে কাজলের লাশ উদ্ধার করে। নিহতের মাথায় তিনটি হাতুড়ি দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। হাতুড়িটি ঐ ঘর থেকে জব্দ করা হয়েছে। ঘটনার পর নিজাম পলাতক রয়েছেন।
