আবারও অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বর্জন করলো রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার অনুষদের স্নাতক শিক্ষার্থীরা বিবিএ (এগ্রিবিজনেস) ডিগ্রিটি গেজেট আকারে পাওয়া এবং ডিগ্রির প্রয়োজনীয় কোর্স কারিকুলাম দ্রুত চালুর দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং অনুষদের ডিনের কাছে স্মারকলিপি প্রদান করে। পরে তারা অনুষদ চত্বরে একত্রিত হয়ে নানা রকম আন্দোলন কর্মসূচিতে অংশ নেয়। এদিকে অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থীরা এমবিএ (এগ্রিবিজনেস) ডিগ্রির দাবিতে ১০ দিন ধরে ক্লাস বর্জন করে আন্দোলনরত অবস্থায় আছে।
উল্লেখ্য, স্নাতক ডিগ্রির নাম বিএসসি ইন এগ্রিবিজনেস এর পরিবর্তে বিবিএ (এগ্রিবিজনেস) করার দাবিতে শিক্ষার্থীরা গত ১০ ফেব্রুয়ারি ক্লাস পরীক্ষা বর্জন করে নানারকম আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়েছিল। এরপর ২৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় শিক্ষার্থীদের এ দাবি পাস হয়েছে। পরবর্তীতে ৩ মার্চ শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়। ১৮ দিন ক্লাস করার পর শিক্ষার্থীরা গতকাল আবারও ক্লাস পরীক্ষা বর্জন করে।
