বিশ্ব বন দিবসে চট্টগ্রামে শোভাযাত্রা আলোচনা সভা

আপডেট : ২১ মার্চ ২০১৩, ২২:৪৪
বিশ্ব বন দিবস উদযাপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বন বিভাগের উদ্যোগে চট্টগ্রামে এক বর্ণাঢ্য শোভাযাত্রাটি ডিসি হিল হতে শুরু হয়ে জামালখান প্রেস ক্লাবে এসে শেষ হয়। পরে চট্টগ্রাম প্রেস ক্লাব অডিটরিয়ামে ‘জীবন ও জীবিকার জন্য বন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সভায় মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের প্রফেসর ড. মোহাম্মদ কামাল হোসাইন। সভাপতিত্ব করেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মো. আকবর হোসেন। বক্তব্য রাখেন রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক রিজাউল শিকদার, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জাফর আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী ও উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. সুনিল কুন্ডু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রকিবুল হাসান মুকুল। সভায় প্রফেসর কামাল বলেন, বর্তমান বিশ্বে ৪ বিলিয়ন হেক্টর বন আছে। মাথাপিছু এ বনের পরিমাণ .০৬ হেক্টর প্রায়। বাংলাদেশে মাথাপিছু এ বনের পরিমাণ .০১৭ হেক্টর। সুন্দরবন আমাদের গৌরব। একবার এ বন ধ্বংস শুরু হলে তা প্রতিরোধ করা কষ্টসাধ্য হয়ে পড়ে। বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন বিভাগ ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। সামাজিক বনায়ন কর্মসূচির মাধ্যমে বন বিভাগ ইতিমধ্যে ২০ কোটি টাকা লভ্যাংশ অংশীদারদের দিয়েছে। এ কর্মসূচি দারিদ্র্যতা নিরসনে প্রশংসনীয় ভূমিকা রাখছে বলে তিনি দাবি করেন।