উখিয়ায় যৌতুক লোভী স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগ

আপডেট : ২১ মার্চ ২০১৩, ২২:৪৫
উপজেলায় যৌতুকের দাবিতে শ্বাসরুদ্ধ করে রাশেদা বেগম (২৩) নামের এক গৃহবধূকে তার স্বামী হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনার ঘাটঘর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পুলিশ ও পারিবারিকসূত্রে জানা গেছে, রিক্সা শ্রমিক নবী হোসেন অভাবের তাড়নায় শ্বশুর বাড়ি থেকে বিভিন্ন অজুহাতে যৌতুক দাবি করে আসছিল। এরই জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকতো। গতকাল তুচ্ছ ঘটনাকে কেন্দ করে নবী হোসেন তার স্ত্রীর উপর অমানুষিক নির্যাতন চালিয়ে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। উখিয়া থানার ওসি (তদন্ত) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে।