বিভাগীয় কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের উদ্যোগে দু’দিনব্যাপী ইসলামী সম্মেলন ও তাফসিরুল কোরআন মাহফিল আজ শুক্রবার হেমায়েতউদ্দীন ঈদগাহ ময়দানে শুরু হচ্ছে। সম্মেলনে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে বিভাগের জেলাগুলোতে সাংগঠনিক সফর ও নগরীতে ব্যাপক প্রচারণা চালিয়েছেন আয়োজকরা।
কতিপয় ব্লগারের বিরুদ্ধে মহানবী (দ.) সম্পর্কে কটূক্তির অভিযোগে বিচার দাবিতে ওলামা-মাশায়েখদের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে এ সম্মেলনের মাধ্যমে বরিশালে বড় ধরনের শোডাউন হতে যাচ্ছে। দেশে ইসলামের প্রচার-প্রসারে কওমি মাদ্রাসার অবস্থান তুলে ধরার উদ্দেশ্যে বিগত বছরগুলোতে বরিশালে আরও ৩ বার এ ধরনের মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনের আয়োজকদের অন্যতম হেফাজতে ইসলাম ও কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের বরিশাল বিভাগীয় সভাপতি এবং নগরীর মাহমুদিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব জানান, বিভাগের ৬ জেলায় ২ হাজারের বেশি কওমি মাদ্রাসা রয়েছে। সবগুলো মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে জেলায় জেলায় সাংগঠনিক টিমের সফর ও প্রচার হয়েছে। তাই এবার অনেক বেশি মুসল্লির উপস্থিতির সম্ভাবনা রয়েছে। ব্লগারদের বিরুদ্ধে চলমান আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, চিহ্নিত ব্লগারদের ইতিমধ্যেই আমরা বরিশালে অবাঞ্ছিত ঘোষণা করেছি। মাওলানা মাহবুব বলেন, ইসলাম নিয়ে আলোচনা করতে গেলে চলমান এসব প্রসঙ্গ আসবেই।
শুক্র ও শনিবার অনুষ্ঠিতব্য এ মহাসম্মেলনে প্রধান অতিথি আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী এবং বিশেষ অতিথি ইংল্যান্ডের লুটন শহরের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবদুল হান্নান। বুধবার বরিশাল বিভাগ হেফাজতে ইসলামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারের সুবিধাভোগী বিভিন্ন স্তরের কতিপয় আলেম হেফাজতে ইসলামকে জামায়াতের সহযোগী বলে সংবাদপত্রের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। যারা এসব অপপ্রচার করছেন তারা ইসলামের শত্রুদের এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছেন।
