গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি স্কুলে শিক্ষার্থীদের উদ্দেশে ‘আল্লাহ ও নামাজ’ নিয়ে কটূক্তি করায় দেবব্রত রায় (৪০) নামে এক স্কুল শিক্ষককে গতকাল বৃহস্পতিবার পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় গতকাল বিক্ষুব্ধ এলাকাবাসী স্কুল প্রাঙ্গণে ওই শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে ওই শিক্ষককে গ্রেফতার করে কোটালীপাড়া থানায় নিয়ে আসে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক চাকরি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। উপজেলা সদরের কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক ও ইংরেজী বিষয়ের শিক্ষক দেবব্রত রায় গত বুধবার সপ্তম শ্রেণীর ইংরেজী ক্লাস নেয়ার সময় ‘আল্লাহ ও নামাজ’ নিয়ে কটূক্তি করেন। বিষয়টি শিক্ষার্থীরা এলাকাবাসী ও অভিভাবকদের জানায়। তারা ক্ষিপ্ত হয়ে গতকাল সকাল ১১টার দিকে স্কুলের অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন শুরু করলে ওই শিক্ষক প্রধান শিক্ষকের কক্ষে আশ্রয় নেন।
এ খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিকাইল ও ওসি মো. তোতা মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীকে শান্ত করার চেষ্টা করেন। অবস্থা বেগতিক দেখে শিক্ষক দেবব্রত রায় স্বেচ্ছায় পদত্যাগ করেন। এরপর স্কুল পরিচালনা কমিটির সদস্যরা উত্তেজিত জনতার চোখ ফাঁকি দিয়ে তাকে পুলিশে সোপর্দ করেন।
