শ্রীপুরে পরীক্ষার্থীদের মাঝে বোর্ড ফি প্রদান
শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা \ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান জাগরণী চক্র ফাউন্ডেশন শ্রীপুর সদর ব্রাঞ্চের উদ্যোগে গত বুধবার দুপুরে অনানুষ্ঠানিকভাবে স্থানীয় কার্যালয়ে ২০১২ সালের ১৭ জন এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বোর্ড ফি প্রদান করা হয়েছে। প্রতিবছরের ন্যায় এ বছরেও সংস্থার সকল সদস্য-সদস্যাদের সন্তানদের মাঝে এ ফি প্রদান করা হয়। ২০০৩-২০০৪ সাল থেকে প্রতিষ্ঠানটির এ কার্যক্রম চালু হয়ে বর্তমান পর্যন্ত বলবত্ রয়েছে। জাগরণী চক্র ফাউন্ডেশন শ্রীপুর সদর ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক মো. ফারুক হোসেনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আশরাফ হোসেন পল্টু প্রমুখ।
লোহাগড়ায় ট্রাক্টরের চাপায় ১ জন নিহত
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা \ লোহাগড়ার লাহুড়িয়ায় ট্রাক্টরের চাপায় ১ ব্যবসায়ী নিহত হয়েছে। জানা গেছে, উপজেলার লাহুড়িয়া কুলুপাড়ার আ. গনির ছেলে শহিদুল ইসলাম (৩০) গত বুধবার দুপুরে বাইসাইকেলে হেছলাগাতী যাচ্ছিল অপর দিক থেকে আসা ট্রাক্টর তাকে চাপা দেয়। এ সময় শহিদুল মারাত্মক আহত হলে তাকে লোহাগড়া হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।
কালীগঞ্জে জামায়াতের থানা আমীর গ্রেফতার
কালীগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাতা \ দোকানে আগুন, পুলিশকে মারধর, সরকারি কাজে বাধা প্রদানসহ বিভিন্ন অপরাধের চারটি হামলার এজাহারভুক্ত আসামি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার জামায়াতের আমীর মো. আব্দুল লতিফকে গতকাল বুধবার উপজেলার চন্দ্রপুর উত্তর বালাপাড়া গ্রামের তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে জেল-হাজতে পাঠিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে উপজেলার চাপারহাট এলাকার ইমান আলী, জোনাব আলী, আবুল হাসান ও পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করে।
মৌলভীবাজারে পুলিশের কাজে বাধা দেয়ায় জরিমানা
মৌলভীবাজার প্রতিনিধি \ হরতাল চলাকালে জেলার শ্রীমঙ্গল শহরের ভাড়াউড়া সড়কে পিকেটিং করার অভিযোগে ২ জনকে ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা করেছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা জানান, বুধবার সকালে আটককৃত এমরান ও তাওহিদকে জরিমানা করে ছেড়ে দেয়া হয়।
কাহারোলে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি \ কাহারোলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহায়তায় ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ২৫২জন ছাত্র/ছাত্রীকে গত ২০ মার্চ উপজেলা অডিটোরিয়াম হলে সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মনোরঞ্জন রায়, ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার মি. রঞ্জন রোজারিও প্রমুখ।
বগুড়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল-সমাবেশ
বগুড়া প্রতিনিধি \ বিএনপি ও জামায়াত শিবির কর্তৃক টাঙ্গাইলে ছাত্রনেতা ইমরান হোসেন এবং চুয়াডাঙ্গায় ছাত্রলীগ কর্মি টুটুলকে পাশবিক কায়দায় হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে সাতমাথাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বেতাগীতে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
বেতাগী (বরগুনা) সংবাদদাতা \ বেতাগীতে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকাল এগারটায় বেতাগী ডিগ্রী কলেজর উদ্যোগে প্রতিষ্ঠানের মিলনায়তনে অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন,কলেজের ম্যানেজিং কমিটির সদস্য জলিলুর রহমান খান নান্না, অধ্যাপক মনিরুজ্জামান, এ. জেড. এম বদরুদ্দোজা জুয়েল, সুলতান আহম্মেদ, হুমায়ূন কবির, অভিভাবক অনিল চন্দ্র ভদ্রা, হারুন অর রশিদ।
